যশোরের শার্শায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান খাঁর বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে।
বুধবার (১০ জানুয়ারি) চন্দ্রপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত জামাল বেপারির ছেলে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি আনছার আলী বেপারি এ মামলা করেন।
পরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অবন্তিকা রায় মামলার অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেন বাদীর আইনজীবী আব্দুল অহেদ। আসামি ওবাইদুর রহমান চন্দ্রপুর গ্রামের মৃত ইদ্রিস আলী খাঁর ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, আসামি শার্শা উপজেলার ১নং ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি সদ্য সমাপ্ত হওয়া জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থীর সমর্থন করেন। গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনে নিজ বাড়িতে বসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাষ্ট্রদ্রোহমূলক বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন ‘২০১৮ সালে প্রধানমন্ত্রী ভোট জালিয়াতি করে পুলিশ দারোগা ম্যানেজ করে জয়ী হয়েছিলেন। ওই নির্বাচনে সরকার পুকুর চুরি করেছিল। এ বারের নির্বাচনে সাগর চুরি করেছে। নির্বাচন কমিশনার পঙ্গু, এটা কিসের ভোট, আমরা ভোট বর্জন করেছি। নিজেরা ভোট মেরে বিশ্বকে ৬৫% কাস্ট হয়েছে দেখানোর জন্য। ভোটার বিহীন নির্বাচনে প্রধানমন্ত্রী হয়ে দেশ ধ্বংস হবে এবং আপনি দেশ চালতে পারবেন না। সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে তত্ত্বাবধায়ক দিয়ে নির্বাচন দিন। মাননীয় এমপি গুন্ডা পোষেন, সব মানুষ মেরে জিম্মি করেন। জামাত-বিএনপির অংশবিহীন আপনার দেয়া ভোট সুষ্ঠু হয়নি।’
আসামি তার বক্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রী, নির্বাচন কমিশনার, এমপি, পুলিশকে জনগণের কাছে হেয় করার উদ্দেশ্যে বিদ্বেষ ছড়িয়ে রাষ্ট্রদ্রোহিতার সামিল অপরাধ করেছেন। বিষয়টি মামলার বাদী আনছার আলী বেপারীর নজরে আসায় তিনি রাষ্ট্রবিরোধী এমন বক্তব্যে ক্ষুব্ধ হয়ে থানায় অভিযোগ দিলে গেলে কর্তৃপক্ষ আদালতে মামলা করার পরামর্শ দেওয়ায় তিনি এ মামলা করেছেন।
নজরুল ইসলাম/অমিয়/