ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১৬ আগস্ট) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে আলাপ-আলোচনার সময় এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার সংবাদমাধ্যমকে বলেন, ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে স্বাগত জানানো হয়েছে। যাতে তারা বাংলাদেশে থেকে প্রতিবেদন করতে পারেন।
‘কোনো দ্বিতীয় পক্ষের মাধ্যমে কখনো অতিরঞ্জিত প্রতিবেদন করতে উদ্বুদ্ধ না হয়ে তারা নিজেরাই পরিস্থিতি দেখে প্রতিবেদন তৈরি করাই ভাল’, বলেন তিনি।
তাছাড়া বাংলাদেশ ভ্রমণে ইচ্ছুক সাংবাদিকদের ভিসা দ্রুত অনুমোদনের জন্য বিদেশে তাদের সব মিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।
শফিউল আলম বলেন, সাংবাদিকদের ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য তিনি ব্যক্তিগতভাবে নয়া দিল্লি ও হংকংয়ে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের ফোন করেছেন।
তিনি বলেন, ‘আমরা একটি উন্মুক্ত সমাজ গড়ে তুলতে চাই যেখানে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কোনো আপোষ করা হবে না।’
প্রেস সচিব বলেন, ‘বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে কেউ প্রতিবেদন করতে চাইলে তাকে স্বাগত।’ সূত্র: ইউএনবি
অমিয়/