সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছিলেন ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্ত। ভয়াবহ সেই দুর্ঘটনার ধকল কাটিয়ে মাঠের ক্রিকেটেও ফিরেছেন ঋষভ। সেদিন তার গাড়িতে জ্বলতে থাকা আগুন থেকে পন্তকে বের করে আনেন দুই তরুণ। নইলে সেই গাড়িতে পুড়ে সেখানেই শেষ হতে পারতো পন্তের জীবন।
সেদিন তাকে বাঁচানো সেই দুই যুবকের কাছে সারাজীবন কৃতজ্ঞ থাকবেন পন্ত এটাই স্বাভাবিক। সেই দুই যুবক রজত কুমার এবং নিশু কুমারকে দুটি স্কুটি উপহার দিয়েছেন পন্ত।
সম্প্রতি অস্ট্রেলিয়ার ক্রীড়া চ্যানেল ‘সেভেন ক্রিকেট’ তাদের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। সেই প্রতিবেদন থেকে জানা গেছে, রজত-নিশু ঘটনাস্থলের নিকটবর্তী এক ফ্যাক্টরিতে কাজ করেন। এক্সপ্রেসওয়েতে পন্তের গাড়িটিকে দুর্ঘটনার শিকার হতে দেখার পর তারা এগিয়ে আসেন এবং প্রাথমিক চিকিৎসারে ব্যবস্থা করেন। জ্বলন্ত গাড়ি থেকে পন্তকে বের করে আনার পর স্থানীয় সাকশাম হাসপাতালে তাদের ভর্তি করানো হয়।
দিল্লি-দেরাদুন মহাসড়কে ২০২২ সালে রুরকির কাছে পন্তের গাড়িটি ধাক্কা দেয় ডিভাইডারে। নিজেই গাড়িটি চালাচ্ছিলেন পন্ত। তাৎক্ষণিক গাড়িটিতে আগুন ধরে যায়। শরীরের অনেকাংশ পুড়ে যায় ভারতীয় ক্রিকেটারের। ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় ও মাথায় গভীর ক্ষত তৈরি হয়। ভয়াবহ সেই অবস্থার কথা জানিয়েছেন পান্তের শৈশবের কোচ দেবেন্দর শর্মা।
সেভেন ক্রিকেটকে দেবেন্দর শর্মা বলেন, ‘তার শরীর থেকে মাংসপেশি খুলে বেরিয়ে এসেছিল। ফলে ঘাড়ের পেছন থেকে পিঠের নিম্নাঙ্গের হাড় স্পষ্ট দেখা যাচ্ছিল তার। এই অবস্থায় ব্যান্ডেজ লাগাতে ৫ ঘণ্টা সময় লেগে যায়। পুরোটা সময়ে দু’বার সংজ্ঞাহীন করতে হয় পান্তকে। ওর গোটা শরীর ছাড়িয়ে নেওয়া কাঠের খণ্ডের মত মনে হচ্ছিল।’