ঢাকা ৩০ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সর্বশেষ
ইতিহাস গড়া নরওয়ের বীরদের বরণে রাস্তায় লাখো মানুষ ‘শুধু এমবাপ্পেকে নয়, পুরো ফ্রান্সকেই থামাতে হবে’ মেসির মুখোমুখি হওয়ার আগে যা বললেন নিকো ও’রেইলি ‘স্পেনকে ভয় নয়, সম্মান’ মেসিকে ঘুম পাড়িয়ে দেবে ইংল্যান্ড! ইংল্যান্ডের বিপক্ষে ‘লাকি’ জার্সি পরে খেলবে আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাস পর রেফারির মৃত্যু ১৩ বছর পর আবারও ক্রোয়েশিয়ার কোচ স্লাভেন বিলিচ হালান্ডকে পাস না দেওয়ায় সরলথকে আত্মহত্যা করার বার্তা! বিশ্বকাপ খেলা ফুটবলারের ‘রহস্যজনক’ মৃত্যু, তদন্তে পুলিশ ৪ দলের মধ্যে কার বিশ্বকাপ জেতার সম্ভাবনা কত, জানাল সুপারকম্পিউটার সিরাজগঞ্জে ব্যতিক্রমী 'আর্জেন্টিনা বটগাছ' ফেসবুকে ভিসি-প্রশাসনের সমালোচনা, জকসু সদস্য জাহিদকে তলব ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের কাজ চলছে: সড়ক পরিবহণমন্ত্রী ইবির প্রধান ফটকের জুলাই স্মৃতি মুছে ‘জুলাই ফলক’ তৈরির পরিকল্পনা অনলাইনে মাদক-বাণিজ্যের শাস্তি মৃত্যুদণ্ড বঙ্গোপসাগরে ট্রলারডুবি: কুতুবদিয়ার ৪ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১ ‘মাদক বহনকারীরা জেলে, কিন্তু কারবারিরা সংসদে কেন?’ ফতুল্লায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু বিপৎসীমার ওপরে তিস্তার পানি, খোলা হলো তিস্তা ব্যারেজের ৪৪ জলকপাট ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর ড. মাইক মিলার কাপ্তাই হ্রদের পানি বাড়ায় রাঙামাটির ৬ উপজেলায় বন্যার শঙ্কা সাতকানিয়ায় বন্যার্তদের পাশে দাঁড়াল সিস্টেম গ্রুপ সংসদের বিভিন্ন কক্ষে ছাদ দিয়ে পানি পড়ার অভিযোগ হুইপের তিস্তার পানি বিপৎসীমার ওপরে, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা বঙ্গোপসাগরে ট্রলারডুবে কুতুবদিয়ার ৫ জেলে নিখোঁজ বৃষ্টির সময় কেন দোয়া ফিরিয়ে দেওয়া হয় না? বরিশালে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ দেখলেন প্রধানমন্ত্রী বন্যাদুর্গত মানুষের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই: জ্বালানি প্রতিমন্ত্রী পরিচ্ছন্নতাকর্মীদের মুখে হাসি ফোটানোর গল্প

কমলা চাষ করে দুই উদ্যোক্তার সাফল্য

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৯:০১ এএম
আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৯:০২ এএম
কমলা চাষ করে দুই উদ্যোক্তার সাফল্য
কমলা বাগান পরিচর্যা করছেন জাহাঙ্গীর আলম ও বদরুল আলম বুলু। খবরের কাগজ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বাণিজ্যিকভাবে কমলা চাষ করে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন দুই তরুণ উদ্যোক্তা। তারা পৃথকভাবে এক একর করে জমিতে দার্জিলিং, চায়না থ্রি, ও মান্দারিন জাতের কমলা চাষ করেছেন। একজন উদ্যোক্তা অপর জনের কাছ থেকে পরামর্শ নিয়ে কমলা চাষ শুরু করেন। এতে তারা সফলতা পেয়েছেন। এখন তারা স্থানীয় যুবকদের জন্য এক নতুন আইডল হয়ে উঠেছেন। 

দিনাজপুরের আবহাওয়া কমলা চাষের জন্য বেশ অনুকূল, ফলে এই অঞ্চলে কমলার বাম্পার ফলন হয়েছে। কমলার আকৃতি, রং ও তার রসালো স্বাদ ক্রেতাদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, চায়না থ্রি জাতের কমলা চাষে অসাধারণ সফলতা পেয়েছন এই দুই উদ্যোক্তা। নানা বাধা-বিপত্তি পেরিয়ে তারা কমলা চাষ শুরু করেন। এবার তারা প্রত্যাশার চেয়েও অনেক বেশি ফলন পেয়েছেন। 

ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় উদ্যোক্তা জাহাঙ্গীর আলম প্রায় এক বিঘা জমিতে এবং উপজেলার নিতাইশা মোড় এলাকায় বদরুল আলম বুলু প্রায় এক একর জমিতে কমলা চাষ করেছেন। তিন বছর আগে, দেশের বিভিন্ন স্থান এবং বিদেশ থেকেও সাত ধরনের কমলার চারা এনে পরীক্ষামূলকভাবে রোপণ করেন তারা। এর মধ্যে দার্জিলিং এবং চায়না থ্রি জাতের কমলার ফলন সবচেয়ে ভালো হয়েছে। 

নিজেদের বাগানে চারা উৎপাদন শুরু করার পর তারা বাগানের আকার বাড়িয়েছেন। বর্তমানে তাদের প্রতিটি গাছেই ২০-২৫ কেজি কমলা ধরেছে, যার বাজার মূল্য প্রতি কেজি ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। সমতল ভূমিতে কমলা চাষ করার ফলে কমলার স্বাদ এবং গুণগত মান যেকোনো পাহাড়ি অঞ্চলের চেয়ে কম নয়, তা প্রত্যেক দর্শনার্থী এবং ক্রেতা দেখেই নিশ্চিত হচ্ছেন। 

দর্শনার্থীরা এই কমলা বাগানে ভিড় জমাচ্ছেন। তাদের মধ্যে অনেকেই চারা কিনতে এবং বাগান দেখতে আসছেন। বিশেষ করে ছোট গাছগুলোর মধ্যে কমলা থোকায় থোকায় ঝুলে পড়ছে, যা শিশুদের কাছে বিশেষ আকর্ষণীয়। তারা আনন্দের সঙ্গে গাছ থেকে কমলা ছিঁড়ে খাচ্ছেন। রফিকুল ইসলাম নামের একজন দর্শনার্থী বলেন, ‘পাহাড়ি অঞ্চলের ফল সমতল ভূমিতে হতে দেখে খুবই ভালো লাগছে। কমলার স্বাদও খুব সুমিষ্ট, তাই চারা কিনতে এসেছি।’ 

তিনি বলেন, ‘বাড়ির ছাদে বা পতিত জমিতে কমলা চাষ করতে চান।’

উদ্যোক্তা বদরুল আলম বুলু বলেন, ‘কৃষি অফিসের পরামর্শ এবং বিভিন্ন প্রতিবেদন দেখে আমরা দার্জিলিং ও চায়না থ্রি কমলা চাষে উদ্যোগী হয়েছিলাম। এ বছর ফলন ভালো হয়েছে। প্রথম বছরেই বড় বড় কমলা হয়েছে। আমাদের বিশ্বাস, যদি প্রতিটি উপজেলায় এ ধরনের বাগান তৈরি হয়, তাহলে দেশে কমলার চাহিদা মেটানো সম্ভব হবে এবং বিদেশ থেকে আমদানির প্রয়োজনও পড়বে না। বরং আমরা বিদেশে রপ্তানি করতে পারব।’

উদ্যোক্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের দেশে অনেক পতিত জমি রয়েছে। যদি আমরা এই জমিগুলোতে কমলার চারা রোপণ করি ও সঠিক পরিচর্যা করি, তবে দেশীয় কমলার গুণগত মান বিদেশ থেকে আমদানি করা কমলাকে ছাড়িয়ে যাবে। তা ছাড়া এতে বেকারত্ব কমবে এবং কৃষকদের আয়ের সুযোগ সৃষ্টি হবে।’

ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান বলেন, ‘উপজেলায় সাইট্রাস-জাতীয় ফল চাষের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। এর প্রধান কারণ হচ্ছে, এই ফলের রোগবালাই কম এবং কৃষকদের এই ফল চাষে লাভের সম্ভাবনা অনেক বেশি। কৃষি অফিস সব সময় কৃষকদের রোগবালাই সম্পর্কিত পরামর্শ দিয়ে যাচ্ছে। তাই কৃষকরা এখন সাইট্রাস চাষে আগ্রহী হচ্ছেন।’

গোমতীর পানি বাড়ছে, কুমিল্লার চরাঞ্চলে তলিয়ে গেছে ফসল

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৩:২৩ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০৩:৩০ পিএম
গোমতীর পানি বাড়ছে, কুমিল্লার চরাঞ্চলে তলিয়ে গেছে ফসল
গোমতীর পানি বৃদ্ধি/ ছবি: খবরের কাগজ

উজানের পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি বেড়ে চরাঞ্চলে পানি প্রবেশ করেছে। আগাম জাতের বিভিন্ন সবজি ও কৃষি ফসল তলিয়ে গিয়ে সহস্রাধিক কৃষক ক্ষতির মুখে পড়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বুড়িচং উপজেলার বালিখাড়া, ভান্তি ও কামারখাড়া এলাকার চরাঞ্চল ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ সবজিখেত পানিতে তলিয়ে গেছে।

ভান্তি এলাকার কৃষক আবদুল হক জানান, প্রায় ৩ লাখ টাকা বিনিয়োগ করে তিনি আগাম জাতের মূলা ও লাউ চাষ করেছিলেন। হঠাৎ গোমতী নদীর পানি বেড়ে যাওয়ায় তার পুরো খেত পানিতে তলিয়ে গেছে।

আরেক কৃষক আবদুল জলিল জানান, তার ডাঁটা শাক, পুঁইশাক ও চালকুমড়ার খেত পানিতে ভেসে গেছে। তার মতো ভান্তি, কামারখাড়া, বালিখাড়া ও আশপাশের এলাকার শতাধিক কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান জানান, উজানের পাহাড়ি ঢলে গোমতী নদীর পানি বৃদ্ধির ফলে বিস্তীর্ণ চরাঞ্চলের হাজারো কৃষকের ফসল পানিতে তলিয়ে গেছে।

তিনি বলেন, কৃষি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে তিনিও মাঠে অবস্থান করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে জরিপ চলছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

জহির শান্ত/তামান্না রুপা/

পাহাড় উজাড় ও বিরূপ আবহাওয়ায় সংকটে আলীকদমের মৌচাষিরা

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১২:৫২ পিএম
পাহাড় উজাড় ও বিরূপ আবহাওয়ায় সংকটে আলীকদমের মৌচাষিরা
ছবি: সংগৃহীত

পার্বত্য জেলা বান্দরবানের আলীকদমে এক সময় বাণিজ্যিকভাবে মৌ চাষ ও প্রাকৃতিক মধু সংগ্রহের বিপুল সম্ভাবনা দেখা দিলেও বর্তমানে তা চরম সংকটের মুখে। নির্বিচারে পাহাড় কাটা, প্রাকৃতিক বনাঞ্চল ধ্বংস এবং বিরূপ আবহাওয়ার কারণে এই অঞ্চলের মৌ চাষি ও মধু সংগ্রহকারীরা এখন দিশেহারা। আধুনিক প্রযুক্তি, সরকারি পৃষ্ঠপোষকতা এবং বাজারজাতকরণের সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকায় লোকসানের মুখে পড়ে অনেকেই এই পেশা ছেড়ে দিচ্ছেন।

স্থানীয় চাষি ও পরিবেশকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, আলীকদমের পাহাড়ি বনাঞ্চলে প্রাকৃতিকভাবে নানা জাতের ফুল ফুটত, যা ছিল মৌমাছির প্রধান খাদ্য উৎস। কিন্তু গত কয়েক বছরে জ্বালানি কাঠের জন্য এবং অবৈজ্ঞানিক উপায়ে পাহাড় কাটার ফলে কমে গেছে বন্য ফুল ও লতাগুল্মের সংখ্যা। ফলে তীব্র খাদ্য সংকটে পড়েছে মৌমাছিরা। অনেক সময় পুরো মৌ-কলোনি বা ঝাঁক এই অঞ্চল ছেড়ে গভীর জঙ্গলে পরিযায়ী হয়ে যাচ্ছে।

উপজেলার ছিলিমপুর এলাকার মৌচাষি মংথোয়াই মারমা বলেন , ‘আগে পাহাড়ে প্রচুর গর্জনের ফুল আর বুনো লতাগুল্ম ছিল। বাক্স বসালেই কয়েক দিনের মধ্যে মধু পাওয়া যেত। এখন পাহাড় ন্যাড়া হয়ে যাচ্ছে, গাছ নাই তো ফুলও নাই। মাছিরা খাবার না পেয়ে বাক্স ছেড়ে পালিয়ে যায়। গত বছর আমার ১০টি বাক্সের মধ্যে ৫টার মাছিই উড়ে চলে গেছে।’

অসময়ের ভারী বৃষ্টিপাত, তীব্র দাবদাহসহ বিরূপ আবহাওয়ার কারণেও মধুর উৎপাদন আশঙ্কাজনকভাবে কমে গেছে বলে মনে করেন মধু সংগ্রহকারী জয়নাল আবেদীন। তিনি বলেন, ‘এখন আবহাওয়া আর আগের মত নাই। যখন ফুল ফোটার সময়, তখন হয় অতিরিক্ত গরম পড়ে, না হয় অসময়ে বৃষ্টি এসে ফুলের সব রেণু ধুয়ে নিয়ে যায়। গরম বেশি হলে মৌচাকের ভেতরে ডিম নষ্ট হয়ে যায়। আগে এক একটা বড় চাক থেকে ১৫ থেকে ২০ কেজি মধু পাইতাম, এখন ৫ কেজি পাওয়াই ভাগ্য।’ 

আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষণের অভাবকেও বড় সমস্যা হিসেবে দেখছেন চাষিরা। তারা বলছেন, কোনো ধরনের আধুনিক যন্ত্রপাতি ছাড়াই পাহাড়ি খাড়া দেয়াল বা উঁচু গাছ থেকে জীবন বাজি রেখে মধু সংগ্রহ করতে হয় তাদের। তাছাড়া উৎপাদিত মধু প্রক্রিয়াজাতকরণের কোনো ব্যবস্থা আলীকদমে নেই। পাহাড়ি মধুর আর্দ্রতা বেশি থাকায় তা দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। আর এই সুযোগটি নেয় শহরের একটি সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীরা। 

অঞ্চলটির একাধিক চাষি জানান, অনেক কষ্ট আর ঝুঁকি নিয়ে মধু সংগ্রহ করলেও সঠিক দাম পান না তারা। আলীকদমে মধু রিফাইন করার কোনো মেশিন নেই। এতে নষ্ট হওয়ার ভয়ে কম দামেই শহরের পাইকারদের কাছে বিক্রি করতে হয় মধু। কেজি প্রতি ৪০০-৫০০ টাকা পান চাষিরা। অথচ মধ্যস্বত্বভোগীরা ঢাকা-চট্টগ্রামে নিয়ে তা ১৫০০ টাকায় বিক্রি করেন। এ সমস্যা কাটিয়ে উঠতে সরকারের কাছে কম সুদে ঋণ আর মধু প্রসেসিং সেন্টারের দাবি স্থানীয়দের। 

এ বিষয়ে বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেজাউল করিম বলেন, আলীকদমে মৌচাষের ভালো সম্ভাবনা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মৌবক্সসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করা হয়েছে। তবে রানি মৌমাছির সংকটের কারণে উৎপাদনে সমস্যা হচ্ছে। ভবিষ্যতে সুযোগ ও বরাদ্দ অনুযায়ী প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

জয়পুরহাটে কমেছে পাট চাষ, জাগ দেওয়াই মূল সংকট

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১১:২০ এএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ১১:৪১ এএম
জয়পুরহাটে কমেছে পাট চাষ, জাগ দেওয়াই মূল সংকট
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের কৃষকরা পাট চাষে ভালো লাভের স্বপ্ন দেখলেও কাটার পর তা কোথায় জাগ দেওয়া হবে, তা নিয়ে চরম বিপাকে পড়েছেন। সরকারি খাল-পুকুর লিজ হওয়া এবং কৃষি বিভাগের সঠিক তদারকি না থাকায় উপযুক্ত জায়গার খোঁজে হন্যে হয়ে ঘুরছেন তারা।

জানা গেছে, সোনালী আঁশ হিসেবে পরিচিত পাট নিয়ে স্বপ্ন দেখেন জয়পুরহাটের কৃষকরা। তবে নানা প্রতিকুলতায় এবার জেলায় কমেছে পাটের চাষ। সদরের বুলুপাড়া, নিশির মোড়, বেলআমলা, কেশবপুর, দোগাছী, জামালপুরসহ বিভিন্ন এলাকায় গত বছর ব্যাপক পাট দেখা গিয়েছিল। কিন্তু এবারের চিত্র আলাদা। এসব এলাকায় অনেকেই পাট চাষ বাদ দিয়ে অন্য ফসলের চাষ করেছেন।

আগামী ২০ দিনের মধ্যে শুরু হবে পাট কাটা। চলতি মৌসুমে জেলায় ২ হাজার ৪৩৭ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে, যা গতবছরের তুলনায় ২০০ হেক্টর কম। এ থেকে উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে ৩৩ হাজার ২৯৩ বেল।

কৃষকরা জানায়, বিঘাপ্রতি জমিতে পাট চাষ করতে ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়। আর বাজারে ভালো দাম পাওয়া গেলে ২৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। তবে কৃষকদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পাট পঁচানোর জন্য জাগ দেওয়ার জায়গা। আশেপাশের খাল, ছোট ছোট পুকুরগুলো ভরাট হয়ে যাওয়ায় ও মাছ চাষ করায় কমে গেছে জাগ দেওয়ার জায়গা। অনেকেই দূর-দূরান্তে উপযুক্ত জলাশয়ের খোঁজ করছেন, আবার কেউ অতিরিক্ত খরচে বিকল্প ব্যবস্থা করছেন। অধিকাংশ কৃষক জানেন না, রিবন রেটিং পদ্ধতি, এতে জায়গাসঙ্কটে বিপাকে পড়েছেন কৃষকরা।

বেল আমলা এলাকার কৃষক গোপাল চন্দ্র বলেন, ‘পাট চাষ করে বাজারে ভাল দাম না পেলে লাভ হয় না। সবচেয়ে বড় সমস্যা পাট জাগ দেওয়ার জায়গা নেই। এখন যাদের নিজস্ব পুকুর আছে তারাই পাট চাষ করে। সরকার থেকে আমরা কোনো সহযোগিতা পাই না।’

করিমনগর গ্রামের রবিউল ইসলাম বলেন, ‘এক বিঘা জমিতে ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়। সেই হিসেবে আমরা পাটের দাম পাই না। পাট জাগ দেওয়ার জায়গার অভাবে এই এলাকায় এবার অনেকে পাট চাষ করেননি। পুকুর ভাড়া নিতে হয়। আবার নদীতে জাগ দিলে পাট ভেসে যায়। সরকারের পাট জাগ দেওয়ার বিষয়ে আমাদের কোনো প্রশিক্ষণ নেই, আমরা জানিও না সেই পদ্ধতি। কৃষি অফিস থেকে আমাদের কোনো খোঁজও নেয় না। সরকারের কাছে আবেদন এবার যেন আমরা পাটের ন্যায্যমূল্য পাই।’

কেশবপুর গ্রামের মোজাফ্ফর হোসেন বলেন, ‘এবার দুই বিঘা জমিতে পাটের চাষ করেছি। কিন্তু কয়দিন পর পাট কেটে কোথায় জাগ দিব, সেই জায়গা খুজে বেরাচ্ছি। আশপাশে কোনো পুকুর নাই। সরকারি যেসব পুকুর ছিল তা লিজ দিয়েছে। অনেকের পুকুরে মাছ চাষ করার জন্য পাট জাগ দেওয়া যায় না।’ 

একই গ্রামের আনিছুর রহমান বলেন, ‘আমরা পাট চাষ করে বাজারে বিক্রি করতে গেলে সঠিক মূল্য পাই না। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পাটের দামে কমিয়ে দেয়। সরকারের কাছে অনুরোধ এবার যেন আমরা পাটের মূল্যটা পাই। পাটের টাকা পাটোক (শ্রমিককে) দিতেই চলে যায়। তাহলে আমাদের পাট চাষ করে লাভ কি?’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) সাদিয়া সুলতানা বলেন, ‘অল্প পানিতে পাট পঁচানো যায়, বা রিবন রেটিং পদ্ধতি সম্পর্কে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি। রোগবালাই বিষয়ে আমাদের মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা কাজ করছেন।’ 

পাট চাষ কমার বিষয়ে তিনি বলেন, ‘আগে পাটকেন্দ্রিক অনেক শিল্প-কারখানা ছিল। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কারখানা এখন বন্ধ হয়ে গেছে। তাই পাটের চাহিদা কিছুটা কমায় চাষও কমেছে। তবে সরকার থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে করে পাটের আবারও সুদিন ফিরে আসবে।’

সাগর/খাদিজা রুমি/

কৃষিকে আধুনিকায়নে ঝিনাইদহে ৯০ কৃষকের হাতে উঠল স্প্রে মেশিন

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১০:১১ এএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ১০:২০ এএম
কৃষিকে আধুনিকায়নে ঝিনাইদহে ৯০ কৃষকের হাতে উঠল স্প্রে মেশিন
ছবি: খবরের কাগজ

ঝিনাইদহ সদর উপজেলার ১৭টি ইউনিয়নের কৃষকদের মাঝে ৯০টি কীটনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) সকালে ঝিনাইদহ শহরের আল হেরা স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব কৃষি উপকরণ কৃষকদের হাতে তুলে দেওয়া হয়। 

আধুনিক কৃষিপ্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে উৎপাদন বৃদ্ধি ও কৃষিকাজকে আরও সহজতর করার লক্ষ্যে ২০২৫-২০২৬ অর্থবছরের উপজেলা উন্নয়ন সহায়তা (এডিপি) খাতের বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় প্রকৃত উপকারভোগীদের মাঝে এসব বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর আমীর আলী আজম মো. আবু বকর। 

তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, দেশের কৃষিখাতকে আরও আধুনিক ও উৎপাদনমুখী করতে প্রযুক্তিনির্ভর কৃষিব্যবস্থার বিকল্প নেই। কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং সময় সাশ্রয়ের লক্ষ্যে সরকার ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল, ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ড. হাবিবুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি আলমগীর হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক কৃষক অনুষ্ঠানে অংশ নেন।

কৃষি উপকরণগুলো সম্পূর্ণ সরকারি ক্রয়বিধি মেনে সংগ্রহ করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০২৫-২০২৬ অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে এগুলো কেনা হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি করা। সেই সঙ্গে গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করা। সংশ্লিষ্ট ব্যক্তিরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তারা এটিকে একটি সময়োপযোগী ও কৃষিবান্ধব পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

মাহফুজুর/খাদিজা রুমি/

গোপালগঞ্জে ‘বিনা তোষাপাট-১’ চাষে নতুন দিগন্তের সূচনা

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০১:৩০ পিএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০২:০৫ পিএম
গোপালগঞ্জে ‘বিনা তোষাপাট-১’ চাষে নতুন দিগন্তের সূচনা
ছবিঃ খবরের কাগজ

গোপালগঞ্জে পাট চাষে এক নতুন দিগন্তের সূচনা করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চফলনশীল পাটের জাত ‘বিনা তোষাপাট-১’।

চলতি মৌসুমে এই নতুন জাতের পাটের বাম্পার ফলন এবং মানসম্মত বীজ উৎপাদন স্থানীয় কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। 

কৃষি বিশেষজ্ঞরা বলছেন, দেশেই এই জাতের পাটের বীজ উৎপাদন করলে একদিকে যেমন কমবে আমদানি নির্ভরতা, অন্যদিকে ভারতীয় বীজ কেনা বাবদ দেশের অন্তত ১০০ কোটি টাকা সাশ্রয় করা সম্ভব হবে। 

গোপালগঞ্জ সদর উপজেলার সুচিডাঙ্গা গ্রামের কৃষক সমীর মজুমদার। বিগত কয়েক বছর ধরে বাজার থেকে বীজ কিনে করছিলেন পাটের চাষ। তবে সার, কীটনাশক ও সেচ দিয়েও সেসব বীজ থেকে আশানুরূপ ফলন পাননি তিনি। ফলে গুণতে হয়েছিল লোকসান। এরপর বিনা উপকেন্দ্র থেকে বিনামূল্যে পাটের বীজ নিয়ে নিজের তিন বিঘা জমিতে আবাদ করেন ‘বিনা তোষাপাট-১’। এবছর তার জমির পাট অনেক ভালো হয়েছে। ফলে এ বছর লাভের আশা দেখছেন তিনি।   

শুধু সমীর মজুমদার নয়, আরও ২৫জন কৃষক বিনা উপকেন্দ্র থেকে পাটের বীজ নিয়ে রোপন করছেন। ফলন ভালো হওয়ায় খুশি তারা।  

প্রচলিত অন্যান্য জাতের তুলায় ‘বিনা তোষাপাট-১’ লম্বায় বড় হওয়ার পাশাপশি এতে রোগবালাই ও পোকার আক্রমণ অনেক কম। এ জাতের আঁশের ফলন হেক্টরপ্রতি ৩.২ টন থেকে প্রায় ৪ টন। এই পাটের জীবনকাল মাত্র ১০০ থেকে ১০৭ দিন হওয়ায় কৃষকরা দ্রুত ফসল ঘরে তুলতে পারবেন। 

প্রতি বছর তোষাপাটের বীজের জন্য একটি বড় অংশ পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমদানি করতে হয়। ফলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশের বাইরে চলে যায়। এছাড়া সঠিক সময়ে মানসম্মত বীজ না পাওয়া এবং চড়া মূল্যের কারণে প্রায়শই প্রান্তিক কৃষকেরা লোকসানের মুখে পড়েন। 

‘বিনা তোষাপাট-১’ জাতের পাট থেকে হেক্টর প্রতি প্রায় ১ হাজার কেজি বীজ উৎপাদন করা সম্ভব। সেই সাথে পাটের পাতার ক্লোরোফিল এর ঘনত্ব বেশি থাকায় এই জাতের পাটের আঁশ ও বীজ উৎপাদন বেশি হওয়ায় কৃষকরা অর্থিকভাবে লাভবান হবেন। 

কৃষকরা যদি নিজেদের প্রয়োজনীয় বীজ নিজেরাই উৎপাদন করতে পারেন, তবে বিদেশ থেকে পাটবীজ আমদানির আর প্রয়োজন হবে না। 

বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ‘বিনা তোষাপাট-১’ এর চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে বিনা উপকেন্দ্র গোপালগঞ্জে মাঠ দিবসের আয়োজন করে। 

মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ মামুনুর রহমান। 

বিনা উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে বিনা ময়মনসিংহের উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফাহমিনা ইয়াসমীন, উদ্যানতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুননবী মজুমদার, কৃষিতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: হাবিবুর রহমান, গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তারসহ কৃষি কর্মকর্তারা বক্তব্য রাখেন।  

সুচিডাঙ্গা গ্রামের কৃষক কাজী শাবান বলেন, বিগত দিনে বিভিন্ন ধরনের পাট বীজ রোপন করে লোকসানের মুখোমুখি হয়েছি। তাই এবার বিনার কর্মকর্তাদের পরামর্শ নিয়ে ‘বিনা তোষাপাট-১’ জাতের পাটের আবাদ করেছি। বর্তমানে ক্ষেতের পাটের ফলন ব্যাপক হয়েছে। পাট গাছ লম্বা হয়েছে ও আঁশ ও অনেক মোটা হয়েছে। আশা করি এবার লাভবান হবো।   

সুকতাইল ইউনিয়নের ১নং ইউপি সদস্য মান্নান শেখ মান্নু বলেন, ‘বিনা তোষাপাট-১’ জাতের পাট অনেক ভালো হয়েছে। এতে কৃষকেরা আগামী মৌসুমেও এই জাতটি চাষে আগ্রহ দেখাচ্ছেন। বাজারে এর চাহিদা অনেক বেশি। 

বিনা উপকেন্দ্র, গোপালগঞ্জ এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুন অর রশিদ বলেন, ‘বিনা তোষাপাট-১’ জাত একটি উচ্চ ফলনশীল জাত। ৫২ শতাংশের বিঘায় অন্যান্য জাতের তুলনায় ৪ থেকে ৫ মন ফলন বেশি হয়। তাই আমরা কৃষকদের ‘বিনা তোষাপাট-১’ জাত চাষে পরামর্শ দিচ্ছি এবং বিনামূল্যে বীজ সরবরাহ করছি। এ জাতের পাটের জীবনকাল মাত্র ১০০ থেকে ১০৭ দিন। ফলে কৃষকরা তাদের ফসল আগাম ঘরে তুলতে পারবেন, সেই সাথে একই জমিতে আরো ৪টি ফসল করতে পারবে।    

বিনা ময়মনসিংহ এর উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান ড. ফাহমিনা ইয়াসমীন বলেন, এক সময় যখন পাটের দুর্দিন চলছিলো তখন গোপালগঞ্জ ও ফরিদপুরের কৃষকদের জন্য ভারত থেকে বীজ আনা হতো। এ জাতের পাট চাষ সম্প্রসারণ করা গেলে পাট বীজের আমদানি নির্ভরতা শূন্যের কোঠায় আসার পাশাপশি ১০০ কোটি টাকারও বেশি সাশ্রয় করা সম্ভব হবে।   

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ মামুনুর রহমান বলেন, এ বছর গোপালগঞ্জ জেলায় ২৫ হাজার ৩৬৮ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। অধিকাংশ পাটের বীজ ভারত থেকে আমদানি করতে হয়। এতে অনেক সময় পাটের বীজের মান ভালো থাকে না। ফলে এ বছর বিনার পক্ষ থেকে “বিনা তোষাপাট-১” জাতের বীজ কৃষকদের দেয়া হয়। অন্যান্য জাতের তুলনায় এই জাতের পাট ভালো হয়েছে।  

সরকারি ও বেসরকারি পর্যায়ে ‘বিনা তোষাপাট-১’ জাতের বীজ উৎপাদন বৃদ্ধি করা গেলে দেশের সোনালী আঁশের গৌরব ফিরে আসবে বলেও মনে করেন তিনি। পাশাপাশি আমদানি নির্ভরতা কমবে ও বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

বাদল সাহা/অদিতি/