বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে আলো ছড়ানো ফুটবলার জেডেন অ্যাডামসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। কেপ টাউনের একটি বাড়ি থেকে ২৫ বছর বয়সী এই ফুটবলারের মরদেহ উদ্ধারের পর মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তের পাশাপাশি ময়নাতদন্তেরও উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১৩ জুলাই) এক বিবৃতিতে কেপ টাউন সেন্ট্রাল পুলিশ জানায়, শনিবার শহরের শটসে ক্লুফ এলাকার একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।
তবে মৃত্যুর কারণ বা ঘটনার বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা।
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে গ্রুপপর্বের তিনটি ম্যাচেই খেলেন জেডেন অ্যাডামস। দলটি প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠে। তবে শেষ ৩২-এ সহ-আয়োজক কানাডার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় তারা।
অ্যাডামসের বাবা হুয়ানিতো অ্যাডামস দক্ষিণ আফ্রিকার টেলিভিশন চ্যানেল ইএনসিএ-কে জানান, পরিবার এখনও ময়নাতদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে। তাই শেষকৃত্যের কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি।
তিনি বলেন, আমাদের জন্য তার অকালমৃত্যু মেনে নেওয়া খুব কঠিন। মানুষ বলে সময়ের সঙ্গে সব সহজ হয়ে যায়, কিন্তু আমার মনে হয় তা নয়। বরং এই শোক নিয়েই বেঁচে থাকতে শিখতে হয়।
এদিকে দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেটন ম্যাকেঞ্জি জানান, চেক প্রজাতন্ত্রের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে মাঠে নামার কয়েক ঘণ্টা আগেই দাদির মৃত্যুর খবর পেয়েছিলেন জেডেন অ্যাডামস। তবুও দলের স্বার্থে তিনি খেলেছিলেন।
গণমাধ্যম ও সাধারণ মানুষকে তদন্ত শেষ হওয়ার আগে অ্যাডামসের মৃত্যুর কারণ নিয়ে কোনো ধরনের জল্পনা-কল্পনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী।
এদিকে ইংল্যান্ড-নরওয়ে এবং আর্জেন্টিনা-সুইজারল্যান্ড মধ্যকার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরুর আগে অ্যাডামসের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এসজি/