রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক শিব শংকর রায় (৫৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। একই ঘটনায় দর্শন বিভাগের অধ্যাপক মো. আসাদুজ্জামান গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে পবা উপজেলার নওহাটা এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই মহাসড়কের আনসার ক্যাম্পের কাছে একটি অজ্ঞাত যানবাহন শিক্ষকদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুই শিক্ষক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অধ্যাপক শিব শংকর রায় মারা যান এবং অধ্যাপক আসাদুজ্জামানকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
রাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ফরিদুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক গিয়াস উদ্দীন জানিয়েছেন, শিব শংকর রায় এবং আসাদুজ্জামানের মাছ ধরার শখ ছিল। তারা খুব ভোরে আসাদুজ্জামানের একটি মোটরসাইকেলে চেপে নওহাটার দিকে টিকিটে ছিপ দিয়ে মাছ ধরতে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে তারা সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে মোটরবাইকের পেছনে থাকা শিব শংকর রায় মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা যান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে রাবি উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, সড়ক দুর্ঘটনায় আজ (শুক্রবার) সকালে আমাদের ছেড়ে চলে গেলেন মার্কেটিং বিভাগের শিক্ষক প্রফেসর শিব শংকর রায়। স্যারের আত্মার শান্তি কামনা করছি। অপরজন দর্শন বিভাগের শিক্ষক প্রফেসর আসাদুজ্জামান বাদশা মারাত্মক আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সকালে মোটরসাইকেল যোগে দুজনে মাছ ধরতে যাবার পথে নওহাটা আনসার ক্যাম্পের কাছে দুর্ঘটনার কবলে পড়েন।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের একজন শিক্ষক মারা গেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন দুপুরে তার মরদেহ নিজ জেলা পাবনার সুজানগরে পাঠিয়েছে। এদিকে, আহত দর্শন বিভাগের শিক্ষক এখন রামেকে ভর্তি আছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।
অধ্যাপক শিব শংকর রায়ের মৃত্যুর খবরে রাজশাহী বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মার্কেটিং ও দর্শন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর শোক প্রকাশ করেছেন। রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এক প্রেস বিজ্ঞপ্তিতে শোক ও সমবেদনা জানিয়েছে।
এনায়েত/নাঈম