ঢাকা ১৮ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫ ড্রেজার জব্দ ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত উদ্ধার সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা জাবিতে কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় তদন্ত কমিটি, চার শিক্ষার্থীকে শোকজ নৌবহরে যুক্ত হলো জাপানের পাঁচটি পেট্রোল বোট সাদাপাথর পর্যটনকেন্দ্রে গোসলে নেমে নিখোঁজ চিকিৎসক টঙ্গীতে চাঁদা দাবি করায় যুবদল নেতাসহ ১৯ জনের নামে মামলা, গ্রেপ্তার ১১ ঈশ্বরগঞ্জে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫, আহত অন্তত ১৬ জুন মাসে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী অবশেষে ইরানকে ১২ বিলিয়ন ডলার ছাড়তে বাধ্য হলো যুক্তরাষ্ট্র কাতারে আটকে থাকা অর্থে প্রয়োজনীয় পণ্য কিনবে ইরান এইচএসসির আগেই থেমে যাচ্ছে শিক্ষা সোনারগাঁয় ফুটপাত দখল করে পার্কিং করায় ১৪ জনকে কারাদণ্ড মুক্তির আগেই বাজিমাত চট্টগ্রাম-৪ আসনের প্রার্থীর বিষয়ে আদালতের রায় দেখে সিদ্ধান্ত নেবে কমিশন আত্মিক প্রশান্তি লাভের দারুণ উপায় ৫৪ বছরে প্রথমবার জাতীয় স্বার্থে ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে চীন সেভাবে কাজ করবে: রাষ্ট্রদূত ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ২০ দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যা, স্ত্রীর মৃত্যুদণ্ড ভার্চুয়াল শত্রুতার বলি আমার প্রিয় ঠিকানা হালদা নদীর সব মাছেই মিলছে মাইক্রোপ্লাস্টিকের কণা বর্তমান কোচিং স্টাফ থাকলে দলে ফিরবেন না পেপে গুয়ে! ঢাবিতে ২৭৭ প্রজাতির ১৭ হাজারের বেশি গাছ আছে বর্ষাকালের ভাইরাল জ্বর বাংলাদেশের পর্যটনশিল্প বিষয়ক প্রবন্ধ রচনা, ১ম পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র ফিনিক্স সামিটে দেশের সেরা জাককানইবি সাইবার সিকিউরিটি ক্লাব

জবির বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শুক্রবার, আসনপ্রতি লড়বেন ৮৪ জন

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ পিএম
জবির বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শুক্রবার, আসনপ্রতি লড়বেন ৮৪ জন
ছবি: খবরের কাগজ

আগামীকাল ২৬ ডিসেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষা। 

বুধবার (২৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডিন ও পরীক্ষা কমিটি এসব তথ্য জানায়। 

বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা এই ভর্তি যুদ্ধ চলবে। চলতি শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদের ৮৬০টি আসনের বিপরীতে মোট ৭২ হাজার ৪৭৪ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। সেই হিসাবে প্রতিটি আসনের জন্য লড়বেন অন্তত ৮৪ জন শিক্ষার্থী। এবার পরীক্ষার্থীদের সুবিধার্থে ঢাকার ভেতরে ৯টি এবং ঢাকার বাইরে ৩টি কেন্দ্রসহ মোট ১২টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকার বাইরের কেন্দ্রগুলো হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। অন্যদিকে ঢাকার অভ্যন্তরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, কে এল জুবিলি হাই স্কুল অ্যান্ড কলেজ এবং বিআইএএম মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

পরীক্ষার মানবণ্টন অনুযায়ী, মোট ১০০ নম্বরের মধ্যে ৭২ নম্বর থাকবে এমসিকিউ পদ্ধতিতে। বাকি ১৮ নম্বর নির্ধারণ করা হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে। পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত অথবা জীববিজ্ঞান বিষয়ের ওপর প্রশ্নপত্র তৈরি করা হবে।

পরীক্ষার সার্বিক প্রস্তুতি বিষয়ে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা বলেন, ‘ভর্তি পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে এবার ঢাকার বাইরে খুলনা, রাজশাহী ও কুমিল্লায় পরীক্ষাকেন্দ্র রাখা হয়েছে।’

উল্লেখ্য, বিজ্ঞান অনুষদের পর আগামী ৯ জানুয়ারি বেলা ১১টায় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি বেলা ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মুজাহিদ/এসজি/

জাবিতে কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় তদন্ত কমিটি, চার শিক্ষার্থীকে শোকজ

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৯:৩২ পিএম
জাবিতে কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় তদন্ত কমিটি, চার শিক্ষার্থীকে শোকজ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষের বারান্দায় কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন। একই ঘটনায় ওই কক্ষের চার আবাসিক শিক্ষার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

হল প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১লা জুলাই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক হলের ওয়ার্ডেন অধ্যাপক ড. মীর ফেরদৌস হোসেন। সদস্য হিসেবে রয়েছেন হলের ওয়ার্ডেন সহযোগী অধ্যাপক উজ্জ্বল কুমার মণ্ডল এবং সহকারী অধ্যাপক ড. শাহাদাত হোসেন। কমিটিকে তিন কর্ম দিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

হল প্রশাসন জানায়, ২ জুলাই চার শিক্ষার্থী রসায়ন বিভাগের ৫৩তম ব্যাচের আরিফ হাসনাত শামীম, রসায়ন বিভাগের ৫২তম ব্যাচের মো. গিয়াসউদ্দিন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ৫০তম ব্যাচের মো. রাকিব এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫৫তম ব্যাচের সাদ আব্দুর রহমানকে পৃথকভাবে একই ধরনের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 

নোটিশে বলা হয়, গত ২৭ জুন হলের তৃতীয় তলার ‘এ’ ব্লকের ৩০২ নম্বর কক্ষের বারান্দায় একটি কালেমা খচিত পতাকা টানানো দেখা যায়। পরে এ–সংক্রান্ত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কক্ষটির আবাসিক শিক্ষার্থী হিসেবে এ ঘটনার দায় তারা এড়াতে পারেন না। আগামী ৫ জুলাই সকাল ১০টার মধ্যে তদন্ত কমিটির আহ্বায়কের কার্যালয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মীর ফেরদৌস হোসেন বলেন, “আজ আমরা প্রথম বৈঠক করেছি। চার শিক্ষার্থীর মধ্যে একজনের সঙ্গে কথা বলতে পেরেছি, তবে বাকিদের পাওয়া যায়নি। তাই সবাইকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তারা রবিবার সকাল ১০টার মধ্যে লিখিত বক্তব্য জমা দেবেন। এরপর সোমবার আবার বৈঠকে বসে বিষয়টি পর্যালোচনা করা হবে।”

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে যার সঙ্গে কথা হয়েছে, তিনি বলেছেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। তবে লিখিত বক্তব্য পাওয়ার আগে এ বিষয়ে কোনো চূড়ান্ত মন্তব্য করা ঠিক হবে না।”

অভিযোগের বিষয়ে আরিফ হাসনাত শামীম বলেন, “আমাদের ওই রকম কোনো উদ্দেশ্য ছিল না। আমরা একজন মুসলিম হিসেবে ধর্মীয় অনুভূতি থেকে এবং দাওয়াতের নিয়তে পতাকাটি টাঙিয়েছিলাম। মানুষ ফুটবল নিয়ে যেভাবে মত্ত হয়ে আছে, সেখান থেকে ধর্মীয় সচেতনতার বার্তা দেওয়ার চেষ্টা করেছি।”

তিনি বলেন, পতাকাটি প্রায় দুইদিন টানানো ছিল। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এলে সেটি নামিয়ে ফেলা হয়।

তালেবান বা অন্য কোনো উগ্রপন্থি সংগঠনের সঙ্গে পতাকাটির কোনো সম্পর্ক ছিল কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের ওই রকম কোনো উদ্দেশ্য ছিল না। এ ধরনের কোনো প্রশ্নই আসে না।”

তদন্ত কমিটির বিষয়ে আরিফ হাসনাত শামীম বলেন, পরীক্ষার কারণে তিনি প্রথম বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। তবে হল প্রশাসনের দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব নির্ধারিত সময়ের মধ্যেই লিখিতভাবে দেবেন।

উল্লেখ্য, গত ২৭ জুন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৩০২ নম্বর কক্ষের বারান্দায় কালেমা খচিত একটি পতাকা টানানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে হল প্রশাসনের নির্দেশে পতাকাটি নামিয়ে ফেলা হয়।

আমানউল্লাহ/নাঈম

ঢাবিতে ২৭৭ প্রজাতির ১৭ হাজারের বেশি গাছ আছে

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৬:০১ পিএম
ঢাবিতে ২৭৭ প্রজাতির ১৭ হাজারের বেশি গাছ আছে
ছবি: খবরের কাগজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো পরিচালিত সমন্বিত বৃক্ষ শুমারি ২০২৫-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৬২টি গোত্রের ২৭৭টি প্রজাতির মোট ১৭ হাজার ১৬১টি বৃক্ষ শনাক্ত ও গণনা করে হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ওই শুমারির ফলাফল প্রকাশ করা হয়।

প্রজাতির ভিত্তিতে ৫৮ শতাংশ দেশি এবং ৪২ শতাংশ বিদেশি প্রজাতি শনাক্ত হয়েছে। তবে বৃক্ষ সংখ্যার ভিত্তিতে দেশি ও বিদেশি বৃক্ষের অনুপাত যথাক্রমে ৫৪ শতাংশ ও ৪৬ শতাংশ।

সর্বাধিক আধিক্যসম্পন্ন ১৫টি বৃক্ষ প্রজাতির মধ্যে পাঁচটি বিদেশি প্রজাতি রয়েছে, যার মধ্যে মেহগনি, দেবদারু, ম্যাকারথুরি পাম, রেইনট্রি এবং সেগুন উল্লেখযোগ্য।

শুমারি অনুযায়ী, বিশ্ববিদ্যালয় এলাকার বৃক্ষসমূহের মোট ভূ-উপরিভাগীয় জীবভর ৯,৯০০ মেট্রিক টন এবং ভূ-নিম্নীয় জীবভর ২,৩৭০ মেট্রিক টন। এসব বৃক্ষের মাধ্যমে মোট ৪,৬৫০ মেট্রিক টন কার্বন মজুদ রয়েছে। জীবভরের ক্ষেত্রে দেশি ও বিদেশি বৃক্ষের অবদান যথাক্রমে ২১.৫ শতাংশ এবং ৭৮.৫ শতাংশ।

উপযোগিতার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃক্ষসম্পদের মধ্যে ফলদ বৃক্ষ ২৫ শতাংশ, প্রাণিকূল সহায়ক বৃক্ষ ২২ শতাংশ, ঔষধি বৃক্ষ ২১ শতাংশ, কাঠ উৎপাদনকারী বৃক্ষ ২০ শতাংশ এবং শোভাবর্ধনকারী বৃক্ষ ১২ শতাংশ।

বৃক্ষের স্বাস্থ্য মূল্যায়নে মোট ১,৮১১টি বৃক্ষকে বিভিন্ন মাত্রার স্বাস্থ্যগত ঝুঁকিতে এবং ২,২১৩টি বৃক্ষকে সম্ভাব্য বৃক্ষজনিত বিপর্যয় শ্রেণিতে চিহ্নিত করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘বৃক্ষ শুমারির মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বৃক্ষসম্পদ সম্পর্কে একটি নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার তৈরি হয়েছে, যা ভবিষ্যৎ সবুজায়ন ও পরিবেশ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিকল্পিত বৃক্ষরোপণ ও সুষ্ঠু পরিবেশ ব্যবস্থাপনার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এমন একটি ক্যাম্পাসে পরিণত করতে হবে, যেখানে শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীরা নির্মল পরিবেশে স্বস্তির সঙ্গে চলাচল করতে পারবেন। এ লক্ষ্যে পরিবেশবান্ধব বৃক্ষ সংরক্ষণ, ফলজ ও উপকারী গাছের সংখ্যা বৃদ্ধি এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণ ও টেকসই ক্যাম্পাস গঠনে বৃক্ষ শুমারি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। তাছড়া ঝুঁকিপূর্ণ গাছ চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং পর্যায়ক্রমে নতুন বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।’

এসময় বিশ্ববিদ্যালয়ের আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবিরসহ আরও অনেক উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবরিকালচার সেন্টার, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ এবং বাংলাদেশ সোসাইটি ফর ইকোলজিক্যাল রিসার্চ ইনিশিয়েটিভ-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

২০২৫ সালে পরিচালিত এ শুমারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পাঁচটি প্রধান জরিপ একক এবং ৪৫টিরও বেশি উপ-এককে বিভক্ত করে প্রতিটি বৃক্ষের তথ্য ডিরেক্ট মেজারমেন্ট মেথড অনুসরণ করে সংগ্রহ করা হয়। পরবর্তীতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে প্রজাতিগত বৈচিত্র্য, জীবভর, কার্বন মজুদ এবং অন্যান্য সূচক নিরূপণ করা হয়।

একইসঙ্গে গুগল মাই ম্যাপস এবং এআরসিজিআইএসের সহায়তায় একটি উন্মুক্ত, ডিজিটাল ও মানচিত্রভিত্তিক বৃক্ষ ডাটাবেজও তৈরি করা হয়েছে।

এই শুমারির মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বৃক্ষসম্পদের প্রজাতিগত বৈচিত্র্য, পরিবেশগত অবদান, কার্বন মজুদ, স্বাস্থ্যগত অবস্থা এবং স্থানিক অবস্থানের একটি পূর্ণাঙ্গ ও বৈজ্ঞানিক তথ্যভাণ্ডার তৈরি হয়েছে, যা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সবুজায়ন ও পরিবেশ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরিফ জাওয়াদ/এএফ

ফিনিক্স সামিটে দেশের সেরা জাককানইবি সাইবার সিকিউরিটি ক্লাব

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৫:৩৪ পিএম
ফিনিক্স সামিটে দেশের সেরা জাককানইবি সাইবার সিকিউরিটি ক্লাব
ছবি: খবরের কাগজ

দেশের অন্যতম বৃহৎ সাইবার নিরাপত্তা বিষয়ক আয়োজন ‘ফিনিক্স সামিট ঢাকা ২০২৬’-এ ‘বেস্ট সাইবার সিকিউরিটি ক্লাব ইন বাংলাদেশ ২০২৬’ সম্মাননা অর্জন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) সাইবার সিকিউরিটি ক্লাব।

দেশের প্রায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাইবার সিকিউরিটি ক্লাবগুলোর মধ্যে কার্যক্রম, দক্ষতা উন্নয়ন এবং সচেতনতা তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়।

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২৩ থেকে ২৭ জুন অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী ফিনিক্স সামিটের সমাপনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন জাককানইবি সাইবার সিকিউরিটি ক্লাবের সভাপতি মো. খাইরুল ইসলাম।

সাইবার সিকিউরিটি ক্লাবের সভাপতি মো. খাইরুল ইসলাম বলেন, সদস্যদের নিরলস পরিশ্রম, দলগত প্রচেষ্টা এবং সাইবার নিরাপত্তা সচেতনতা তৈরিতে ধারাবাহিক কাজের ফল হিসেবে এ স্বীকৃতি এসেছে। এটি শুধু সাইবার সিকিউরিটি ক্লাবের অর্জন নয়, বরং পুরো বিশ্ববিদ্যালয় এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগেরও। এই অর্জন ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার অনুপ্রেরণা জোগাবে বলেও আশা করি।

সমাপনী অনুষ্ঠানে দ্য টিম ফিনিক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও চিফ অব রিসার্চ এ এস এম শামীম রেজা, থিম্পু টেকপার্কের চিফ প্রোগ্রাম অফিসার কিনলে শেরিং, অ্যাক্সেনটেক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আদিল হোসেন নোবেল এবং রয়্যাল হলোওয়ে, ইউনিভার্সিটি অব লন্ডনের সাইবার সিকিউরিটি ডিরেক্টর ফাউজিয়া ইদ্রিসসহ দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।

জানা যায়, দেশের অন্যতম বড় এই তথ্যপ্রযুক্তি সম্মেলনে ১০ হাজারের বেশি অংশগ্রহণকারী, ৭৩টি অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও ৩৯টি বিশ্ববিদ্যালয়ের ক্লাব পার্টনার একত্রিত হয়। পাঁচ দিনব্যাপী আয়োজিত এই বিশেষ সামিটে সার্বিক সহযোগিতা প্রদান করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ ও ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি (এনসিএসএ)।

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই নজরুল বিশ্ববিদ্যালয় সাইবার সিকিউরিটি ক্লাব বিশ্ববিদ্যালয় ও স্থানীয় পর্যায়ে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ আয়োজন, প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন এবং শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক সাইবার নিরাপত্তা চর্চায় উৎসাহিত করতে নিয়মিত কাজ করে আসছে।

তাসনিম/এএফ 

চুয়েটে স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন সম্পন্ন

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৪:২৯ পিএম
চুয়েটে স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন সম্পন্ন
ছবি: খবরের কাগজ

উৎসবমুখর পরিবেশ, প্রাণচাঞ্চল্য ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের  ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দুই ধাপে এ আয়োজন সম্পন্ন হয়।

সকাল ৯টায় শুরু হওয়া প্রথম পর্বে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, কম্পিউটার বিজ্ঞান ও কৌশল, নগর ও অঞ্চল পরিকল্পনা, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন শিক্ষার্থীরা অংশ নেন। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় সকাল ১০টা ৩০ মিনিটে। এতে পুরকৌশল, যন্ত্রকৌশল, স্থাপত্য, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, পানিসম্পদ কৌশল এবং ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও  ৫টি অনুষদের ডীনবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথিরা নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন চুয়েটের সাফল্যের ভূয়সী প্রশংসা করে বলেন, "বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানে চুয়েটের সাবেক শিক্ষার্থীরা দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করছেন। গুগল, অ্যামাজন, টেসলা, সিমেন্স, স্যামসাংসহ বিশ্বখ্যাত বিভিন্ন প্রতিষ্ঠানে চুয়েটের গ্র্যাজুয়েটরা কর্মরত আছেন। সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ্লিকেশন তৈরিতেও চুয়েটের একজন সাবেক শিক্ষার্থীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।”

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “তোমাদের এই যাত্রা একটি সুন্দর যাত্রা। লেখাপড়ার পাশাপাশি সৃজনশীলতা বিকাশ করতে হবে। মাদক ও যেকোনো নেতিবাচক প্রভাব থেকে দূরে থেকে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের গড়ে তুলতে হবে।”

গেস্ট অব অনারের বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, “চতুর্থ শিল্পবিপ্লবের যুগে কেবল ভালো ফলাফল নয়, বিশ্লেষণী চিন্তা, সৃজনশীলতা, গবেষণার মনোভাব, নেতৃত্বগুণ ও দলগতভাবে কাজ করার সক্ষমতাও প্রয়োজন। আমি বিশ্বাস করি, আজকের এই নবীনদের মধ্য থেকেই আগামী দিনের গবেষক, প্রযুক্তি উদ্ভাবক ও শিল্পনেতা তৈরি হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রক্টর, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। তারা নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয় জীবনের বিভিন্ন দিক নিয়ে পরামর্শ দেন।

কেন্দ্রীয় পর্ব শেষে শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগে বিভাগীয় পরিচিতি ও নির্দেশনামূলক সভায় অংশ নেন। সেখানে বিভাগীয় প্রধান, শিক্ষক, সিনিয়র শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা নবীনদের সঙ্গে পরিচিত হন এবং বিভাগীয় কার্যক্রম সম্পর্কে ধারণা দেন। পাশাপাশি ক্যাম্পাস ঘুরে দেখা, নিয়মাবলী বিষয়ক আলোচনা এবং নবীনদের হাতে পরিচিতিমূলক হ্যান্ডবুক তুলে দেওয়ার আয়োজনও ছিল।

নবীনবরণের অনুভূতি প্রকাশ করে স্থাপত্য বিভাগের নবাগত শিক্ষার্থী লাবণ্য বর্মন বলেন, “চুয়েটের সবুজ ক্যাম্পাস দেখতে খুব ভালো লাগছে। নতুন বন্ধুদের সঙ্গে পরিচয় হচ্ছে। আগে সামাজিক যোগাযোগমাধ্যমে যাদের সঙ্গে কথা হতো, আজ সরাসরি পরিচিত হতে পেরে ভালো লাগছে।”

উল্লেখ্য, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গত ১৭ জানুয়ারি চুয়েট ক্যাম্পাসসহ চট্টগ্রাম শহরের আরও দুটি উপকেন্দ্রে অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় প্রায় ১২ হাজার ৯৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরবর্তীতে প্রকাশিত মেধাতালিকার ভিত্তিতে পাঁচ ধাপে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ৯৩১টি আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তি নিশ্চিত করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নবীন শিক্ষার্থীদের নিয়মিত একাডেমিক কার্যক্রম আগামী রবিবার (৫ জুলাই) থেকে শুরু হবে।

ইবাদ/নাঈম

চুয়েটে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজ

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:১১ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৪:১৭ পিএম
চুয়েটে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজ
ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া  শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আজ (২ জুলাই) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে দুই ধাপে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

একই সঙ্গে নবীন শিক্ষার্থীদের নিয়মিত একাডেমিক কার্যক্রম আগামী রবিবার থেকে শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ওরিয়েন্টেশনের প্রথম পর্ব সকাল ৯টায়। এ পর্বে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, নগর ও অঞ্চল পরিকল্পনা, কম্পিউটার বিজ্ঞান ও কৌশল, জৈব চিকিৎসা কৌশল এবং ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা অংশ নেবেন।

দ্বিতীয় পর্ব সকাল ১০টা ৩০ মিনিটে। এতে পুরকৌশল, যন্ত্রকৌশল, পানিসম্পদ কৌশল, মেকাট্রনিক্স ও শিল্প প্রকৌশল, পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং স্থাপত্য বিভাগের নবাগত শিক্ষার্থীরা অংশ নেবেন।

কেন্দ্রীয় ওরিয়েন্টেশন শেষে শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগে বিভাগীয় পরিচিতি ও দিকনির্দেশনামূলক সভায় অংশ নেবেন। পাশাপাশি মধ্যাহ্নভোজের আয়োজনও রাখা হয়েছে।

পরে শিক্ষার্থীদের দুপুর আড়াইটার মধ্যে নিজ নিজ আবাসিক হলে উপস্থিত হয়ে হল-সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বলা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। সম্মানিত অতিথি চুয়েটের উপাচার্য অধ্যাপক মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলাম।

এ বিষয়ে অধ্যাপক মো. সাইফুল ইসলাম জানান, আবহাওয়ার অনিশ্চয়তার কারণে এবার খোলা মাঠের পরিবর্তে কেন্দ্রীয় অডিটোরিয়ামে ওরিয়েন্টেশন আয়োজন করা হয়েছে। স্থানসংকুলানের বিষয়টি বিবেচনায় নিয়ে অনুষ্ঠানটি দুই ধাপে সম্পন্ন করা হবে।

ইবাদ/হীরা