নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ভাড়া বাসার শৌচাগার থেকে এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সোনাইমুড়ী পৌরসভার ৭নং ওয়ার্ডের গনি মাস্টারের পোল-সংলগ্ন এলাকার বাসার শৌচাগার থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম রহিমা আক্তার সুমি (১৯)।
নিহত সুমি জেলার চাটখিল উপজেলার উত্তর রামনারায়ণপুর এলাকার মো. ইসমাইল হোসেনের মেয়ে। প্রেম করে ৫ মাস আগে কুমিল্লার মুরাদনগরের বাসিন্দা মো. ইউছুফ মোয়াজ্জিনকে বিয়ে করেন তিনি।
নিহতের বড় ভাই মো. আরাফাত হোসেন খবরের কাগজ-কে বলেন, ‘বিয়ের পর থেকে স্বামীকে নিয়ে সোনাইমুড়ীর ওই ভাড়া বাসায় থাকতেন সুমি। গত দুদিন ফোন বন্ধ থাকায় বৃহস্পতিবার বিকালে তার খোঁজে বাসায় গেলে গেটে তালা দেখতে পাই। কিন্তু ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ায় পুলিশে খবর দেই। পরে পুলিশ তালা ভেঙে বাসার টয়লেট থেকে সুমির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।’
গত মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে পরিবারের সঙ্গে শেষ কথা হয়েছিল সুমির। ধারণা করা হচ্ছে, ওই রাতেই তাকে হত্যা করে পালিয়ে যান স্বামী ইউসুফ।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী খবরের কাগজ-কে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।