কক্সবাজারের মহেশখালীতে এক জেলের জালে ধরা পড়েছে ১৫৯টি কালো পোয়া মাছ। মাছগুলোর দাম হাঁকা হয়েছে ২ কোটি টাকা।
শুক্রবার (২২ ডিসেম্বর) দ্বীপ উপজেলা মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের মোজাম্মেল বহদ্দারের জালে মাছগুলো ধরা পড়ে।
বিষয়টি মোবাইল ফোনে খবরের কাগজকে নিশ্চিত করেন ধলঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু।
তিনি বলেন, ‘মোজাম্মেলের জালে ১৫৯টি কালো পোয়া ধরা পড়েছে। খুবই গরিব জেলে মোজাম্মেল। তার পরিবারের দিকে আল্লাহ চোখ তুলে তাকিয়েছে। এটা আল্লাহর নিয়ামত। শুনেছি মাছগুলোর দাম চাওয়া হয়েছে দুই কোটি টাকা। কালো পোয়া যেহেতু খুবই দামি মাছ, হয়তো দেড় কোটি টাকা হলে মাছগুলো বিক্রি করবে মোজাম্মেল।’
মহেশখালী উপজেলার মেরিন ফিশারিজ অফিসার মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘কালো পোয়া আকারভেদে দাম বেশি হতে পারে। এক কেজি সাইজের মাছের দাম হতে পারে এক হাজার টাকা। তবে সাইজে ১০ কেজি বা এর বেশি দামটা অনেক বেশি হবে। মাছগুলো আমিও দেখেছি; তবে দুই কোটি টাকা দাম হাঁকানোর মতো না।’
১৫৯টি কালো পোয়া মাছ ধরা পড়ার খবরে পুরো ধলঘাট ইউনিয়নে হৈচৈ লেগে গেছে। সবখানে আলোচনার কেন্দ্রবিন্দু এখন মোজাম্মেল এবং কালো পোয়া। এলাকার বেশিরভাগ মানুষ মাছগুলো দেখতে ভিড় জমিয়েছেন।
কক্সবাজার ফিশিংবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে সরকারের সিদ্ধান্ত সফল হয়েছে। যদি নিষেধাজ্ঞা না দেওয়া হতো তা হলে এত মাছ ধরা পড়ত না। সামনের দিনগুলোতে জেলেরা ভালো মাছ পাবে বলে আশা করছি।’
তবে মাছগুলো শেষ পর্যন্ত কত টাকায় বিক্রি হলো তা জানা যায়নি।
মুহিবুল্লাহ/ইসরাত/অমিয়/