চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন নারীসহ চারজনকে অপহরণ ও কলাবাগানীকে হত্যার ঘটনায় জড়িত সাদ্দাম প্রকাশ ওরফে ডাকাত সাদ্দামকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২২ ডিসেম্বর) রাত ২টায় র্যাব-৭-এর একটি দল সীতাকুণ্ডের জোড়আমতল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
জানা যায়, গত ২২ জুন সন্ধ্যায় সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় একটি দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী কালাম (৪৮) চা খেতে গেলে কয়েকজন মিলে তাকে অপহরণ করে। পরে কালামের বড় ভাবীকে ফোন দিয়ে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। কালামের স্বজনরা ৮০ হাজার টাকা জোগাড় করে কালামকে মুক্ত করে আনতে বারবকুণ্ড পাহাড়ে যায়। বারবকুণ্ড সেবা পেট্রল পাম্পের সামনে পৌঁছালে অপহরণকারীরা টাকা ছিনিয়ে নিয়ে তাদেরও অপহরণ করে এবং আরও ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ গহিন পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃত তিনজনকে উদ্ধার করে। পরবর্তীতে অপহরণ, নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগে কালামের ভাবী বাদী হয়ে সাদ্দামকে প্রধান আসামি করে আরও ছয়জনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় একটি মামলা করেন।
অপরদিকে গত ২২ জুলাই বেলা ১১টার দিকে সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের পাহাড়ি কলাবাগানে নূর আবছার এরশাদ নামের এক বাগানীর মরদেহ উদ্ধার করা হয়। এই হত্যা মামলায় সাদ্দাম পুলিশের সন্দেহের তালিকায় ছিল। সাদ্দামের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় ডাকাতি, ছিনতাই, অপহরণ ও হত্যাসহ ১০টি মামলা রয়েছে।
মনির/সাদিয়া/অমিয়/