কুমিল্লার হোমনায় ঘরে মুরগি যাওয়াকে কেন্দ্র করে ভাতিজার ইটের আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা মহিউদ্দিনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৫ ডিসেম্বর) ভোরে উপজেলার ঘাগুটিয়ার মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মহিউদ্দিন নিহত ওসমান গনির চাচাতো ভাইয়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওসমান সোমবার ভোরে ফজরের নামাজ পড়ে ঘরের বারান্দায় বসে ছিলেন। এ সময় মহিউদ্দিনের কয়েকটি মুরগি তার ঘরে ঢোকার সময় তিনি বাধা দেন। এতে মহিউদ্দিন এসে তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। কথা কাটাকাটির এক পর্যায়ে মহিউদ্দিন ওসমানকে কিল-ঘুষি মেরে এবং ইট দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেয়। পরে আহত অবস্থায় তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই মো. ইউনুস মিয়া খবরের কাগজকে বলেন, ‘সোমবার ভোরে ঘরে মুরগি যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে মহিউদ্দিন আমার ভাইকে মারধর করে মাথায় ইট দিয়ে আঘাত করে। পরে তাকে হোমনা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। মহিউদ্দিনের ইটের আঘাতেই আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।’
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। আটক মহিউদ্দিন পুলিশ হেফাজতে রয়েছে।’
জহির শান্ত/পপি/অমিয়/