চা-শিল্পে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে স্মরণীয় করে রাখতে ঢাকার মতিঝিলে চা-বোর্ডের নিজস্ব ভূমিতে ‘বঙ্গবন্ধু চা-ভবন’ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে চা-বোর্ড।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) অনলাইন জুম প্ল্যাটফর্মে বোর্ডের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত চা-বোর্ডের ৯০তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন চা-বোর্ডের চেয়্যারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম।
সভায় বাংলাদেশ চা-বোর্ড ও এর আওতাধীন বাংলাদেশ চা-গবেষণা ইনস্টিটিউট, প্রকল্প উন্নয়ন ইউনিট, টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম এবং চা-বোর্ড পরিচালিত বাগান বিষয়ে নির্ধারিত আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় বোর্ডের সদস্যরা দেশের চা-শিল্পের বর্তমান পরিস্থিতি, সমস্যা, সম্ভাবনা এবং এ শিল্পের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যৎ করণীয় নিয়েও বিস্তারিত আলোচনা করেন।
বাংলাদেশ চা-বোর্ডের সচিব মোহাম্মাদ রুহুল আমীনের সঞ্চালনায় সভায় অংশ নেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. জসিম উদ্দিন, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাহিদ আফরোজ, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিনুর রহমান, চা-বোর্ডের সদস্য (গবেষণা ও উন্নয়ন) মো. কামরুল আমিন, সদস্য (অর্থ ও বাণিজ্য) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা বিপুল কৃষ্ণ দাস, বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কামরান টি রহমান, টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান শাহ মঈনুদ্দিন হাসান, ন্যাশনাল ব্রোকার্সের চেয়ারম্যান এম সাইফুল ইসলাম প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে চা-বোর্ডের চেয়্যারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম খবরের কাগজকে বলেন, ‘আজকের সভায় বঙ্গবন্ধু চা-ভবন নির্মাণের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর ব্যয়, কাজ কবে শুরু হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা দ্রুত এসব বিষয়ে আলোচনা করব। তখন বিস্তারিত জানানো সম্ভব হবে।’
এমএ/