অবৈধভাবে সমুদ্রের বিভিন্ন চ্যানেল এবং নাফ নদী ব্যবহার করে জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মিয়ানমারে পাচারের সময় দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তাররা হলেন- মাঝেরপাড়া এলাকার ফয়েজ উল্লাহ (২২) ও আব্দুল্লাহ (২০)।
বুধবার (১৭ জানুয়ারি) অভিযানের বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১৫-এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
তিনি জানান, অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশে কতিপয় পাচারকারী জ্বালানি তেল (অকটেন) নিয়ে টেকনাফের শাহপরীর দ্বীপের মাঝেরপাড়া রোডের পশ্চিমপাশে অবস্থান করছিল। পরে র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি দল অভিযান চালানোর সময় অকটেনভর্তি প্লাস্টিকের ড্রামসহ খাদ্যসামগ্রী রেখে পালানোর সময় দুইজনকে গ্রেপ্তার করে। জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী যেমন- পেঁয়াজ, রসুন ও আদা পাচারের উদ্দেশে মজুদ করেছে বলে স্বীকার করেন তারা।
এ সময় চোরাকারবারিদের হেফাজতে থাকা ২৫টি ড্রামে এক হাজার ৪১৫ লিটার অকটেন, ৪০ কেজি পেঁয়াজ, ৩১ কেজি রসুন, ৩৬ কেজি আদা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, দীর্ঘদিন ধরে তারা পাচারের সঙ্গে জড়িত। টেকনাফের বিভিন্ন পেট্রলপাম্প থেকে পাইকারি দামে জ্বালানি তেল অকটেনসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী কিনে নিজেদের কাছে মজুত রাখত। পরে সমুদ্র ও নাফ নদীর সীমান্ত এলাকা ব্যবহার করে মিয়ানমারে পাচার করে। আসামিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
শাহিন/সাদিয়া নাহার/অমিয়/