চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে নিয়ন্ত্রণ হারানো মুরগিবাহী এক ট্রাকের ধাক্কায় ফায়ারবাক্স ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে টানেল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে কর্ণফুলী টানেলের পতেঙ্গা প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ খবরের কাগজকে বলেন, ‘ভোরে একটি দুর্ঘটনা ঘটেছে। তবে সেটা টানেলের পতেঙ্গা প্রান্তে।’
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, ‘আমরা দুর্ঘটনার বিষয়ে কোনো কিছু জানতে পারিনি। পরে বিস্তারিত জানাতে পারব।’
বঙ্গবন্ধু টানেল কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী তানভীর রিফা বলেন, ‘ভোরে ট্রাকের ধাক্কায় টানেলের ভেতর ফায়ারবাক্সের ক্ষতি হয়েছে। আমরা সেটা মেরামতের উদ্যোগ নিয়েছি।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘টানেলের ভেতর গাড়ি চালানোর ক্ষেত্রে সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা আছে, কিন্তু চালকরা সেটা মানছেন না। ওভারস্পিড ড্রাইভিংয়ের কারণে বারবার দুর্ঘটনা ঘটছে। আমরা টানেলের ভেতরে স্পিড ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছি। এতে আইন অমান্য করা গাড়ি চিহ্নিত করে শাস্তির আওতায় আনা সম্ভব হবে।’
এর আগে গত ১৬ জানুয়ারি ভোর সাড়ে ৬টার দিকে টানেলের বৈরাগ এলাকার পতেঙ্গাগামী চায়না রোডের চৌরাস্তার মাথায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নৌবাহিনীর সেন্ট্রি পোস্টে আঘাত করে। এতে নৌবাহিনীর সদস্য গাজী মাহবুব রহমানসহ সাতজন আহত হন। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।
তারেক/পপি/অমিয়/