চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি বৌদ্ধ বিহারে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে শাকপুরা ৫ নম্বর ওয়ার্ডের বড়ুয়ার টেক এলাকার প্রজ্ঞাবংশ বিদর্শন ভাবনা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ডাকাত দল বিহারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে আইপিএস ব্যাটারি, দানবাক্সের টাকা, আলমিরায় রক্ষিত বিহার উন্নয়নের ৬০ হাজার টাকা, ভান্তের মোবাইল ও দানীয় স্বর্ণালংকার নিয়ে যায়।
বিহারের সেবক দীপক মারমা বলেন, তাদের সবার হাতে বন্দুক ছিল। পুলিশ প্রশাসনের লোক পরিচয় দিয়ে ইয়াবা আছে দাবি করে তল্লাশি করতে হবে বলে জানায়। পরে আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমিরা ও সমস্ত জিনিসপত্র এলোমেলো করে তল্লাশি করে টাকা, মোবাইল নিয়ে নেয়। শ্রীলপ্রিয় মহাথেরকে নিয়ে এরপর উপাধ্যক্ষ আনন্দ ভিক্ষুর বাসভবনে যায় ডাকাত দল। ওই কক্ষ থেকেও টাকা ও দানীয় স্বর্ণালংকার নিয়ে নেয়। ডাকাতদল যাওয়ার সময় সবাইকে একটি কক্ষে আটকে রেখে যায়।
স্থানীয় ইউপি সদস্য অনুপ দাশ বলেন, এই ধরনের ঘটনা দুঃখজনক। প্রশাসনের লোক পরিচয়ে ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পর আমার ওই বিহারে গিয়েছি। মন্দিরের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতরা।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মোহাম্মদ আরিফুল ইসলাম খবরের কাগজকে বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বোয়ালখালী থানাকে নির্দেশ দিয়েছি।
এমএ/