নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি করায় দুই বখাটেকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে নেয়াজপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের দেবীপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- মো. আফনান হোসেন শুভ (২০) ও মো. রুহুল আমিন (৩৫)।
এ সময় তাদের কাছ থেকে ধারণকৃত আপত্তিকর ভিডিওসহ দুটি মোবাইল ফোন, চাঁদাবাজির নগদ ১০ হাজার টাকা এবং এক জোড়া স্বর্ণের কানের দুল জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন আহমেদ আটকের বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করে বলেন, অভিযোগকারী পল্লী চিকিৎসক মো. ইউসুফ সজীব গত ৩ ডিসেম্বর রাতে ফার্মেসি থেকে ফেরার পথে প্রতিবেশী গৃহবধূর অসুস্থ ছেলের জন্য ওষুধ দিতে গেলে শুভ, রুহুল আমিন ও সোহেলসহ অজ্ঞাত তিন-চারজন তাকে ও গৃহবধূকে আটকে রেখে আপত্তিকর ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। ইতোমধ্যে ভয়ভীতি দেখিয়ে দফায় দফায় ৪ লাখ ১১ হাজার টাকা আদায় এবং তিন আনা ওজনের একজোড়া স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেয়।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, বখাটেরা আরও চাঁদা দাবি করলে পল্লী চিকিৎসক মো. ইউসুফ সজীব পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের কাছে লিখিত অভিযোগ দেন। পরে ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আক্তার হোসেন অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলা করা হয়েছে।
ইকবাল হোসেন/জোবাইদা/অমিয়/