চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পদুয়া এলাকার জালাল আহমদের ছেলে মো. আবছার (৪০), আধুনগর ইউনিয়নের হানিফার পাড়ার আব্দুল কাদেরের ছেলে জুবায়ের (২৫) ও রাঙ্গুনিয়া থানার দক্ষিণ রাজানগর ধামারহাট এলাকার বাবুলের ছেলে মো. জাহেদ (২৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী মোটরসাইকেলটি আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে কক্সবাাজারমুখী মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান।
লোহাগাড়া ফায়ার স্টেশনের টিম লিডার মো. জাহাঙ্গীর আলম বলেন, আমরা তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জিয়া উদ্দিন আহমদ জানান, ঘটনাস্থলেই ওই তিন যুবকের মৃত্যু হয়। তাদের মৃত অবস্থায় এখানে নিয়ে আসা হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মুহাম্মদ এরফান জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কক্সবাজারমুখী মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী মারা যান। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও মালবাহী ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চট্টগ্রাম ব্যুরো/সালমান/