নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের চিহ্নিত করে প্রতিটি মহল্লা, ওয়ার্ডে প্রতিরোধের দুর্গ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চসিকের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন।
সোমবার (২৫ মার্চ) সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর থিয়েটার ইনস্টিটিউট হল প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নাছির উদ্দিন বলেন, ‘পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দেশবিরোধী অপশক্তি সুকৌশলে অবাঞ্ছিত সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে গণমানুষের দুর্ভোগ বাড়াতে চায়। তাদেরকে চিহ্নিত করে প্রতিটি মহল্লায়, ওয়ার্ডে প্রতিরোধের দুর্গ গড়ে তোলা হবে।’
তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধসহ এ জাতির দুর্যোগ ও সংকটে ভারত আমাদের পাশে ছিল। আজ স্বাধীনতাবিরোধী শক্তি ও বিএনপি ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে দেশে অর্থনৈতিক সংকট সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তাদেরকে অবশ্যই রুখে দাঁড়াবার শক্তি আমাদের আছে এবং জনগণকে সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের সুখ-দুঃখে পাশে থেকে আমাদেরকে তাদের সেবক ও সতীর্থ হতে হবে। তাহলেই সংগঠনের ভিত্তি মজবুত হবে। এই শক্তিশালী সংগঠনই শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণে সক্ষমতা অর্জন করবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বাঙালির অধিকার প্রতিষ্ঠায় মুক্তির সংগ্রাম শুরু হয়েছিল ১৯৪৭ সাল থেকেই। এই মুক্তির সংগ্রাম ১৯৭১ সালের ২৫ মার্চ পর্যন্ত চলমান ছিল। ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় গণহত্যা শুরুর সঙ্গে সঙ্গেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়। তাই এই মুক্তির সংগ্রাম এখনো চলমান। কেননা, বঙ্গবন্ধুর আরাধ্য স্বপ্ন ছিল সোনার বাংলা বাস্তবায়ন ও সর্বস্তরের গণমানুষের অর্থনৈতিক মুক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তির লড়াই চলছে এবং চলবেই।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, আলহাজ আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, থানা আওয়ামী লীগের রেজাউল করিম কায়সার, ওয়ার্ড আওয়ামী লীগের শামসুল আলম।
সভামঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নোমান আল মাহমুদ, উপদেষ্টা শেখ মাহমুদ ইসহাক, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী প্রমুখ।
ইফতেখারুল/পপি/অমিয়/