নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফুটবল খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে জুনায়েদ হোসেন (৬) ও হাবিবুর রহমান (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ মে) দুপুরে কাঁচপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু দুটি কাঁচপুর পূর্ব বেহাকৈর লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেনের শিক্ষার্থী। জুনায়েদ হোসেন প্রথম ও হাবিবুর প্রথম শ্রেণির শিক্ষার্থী। জুনায়েদ হোসেন কাঁচপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর নয়াপাড়া গ্রামের হানিফ মিয়ার ছেলে ও হাবিবুর রহমান একই গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে।
এলাকাবাসী ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার কাচঁপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর নয়াপাড়া গ্রামে বাড়ির পাশের মাঠে দুই শিশু জুনায়েদ হোসেন ও হাবিবুর রহমানসহ আরও কয়েকজন ফুটবল খেলছিল। হঠাৎ ফুটবলটি পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। পরে জুনায়েদ হোসেন ও হাবিবুর পুকুর থেকে ফুটবলটি তুলতে পুকুরে পানিতে নামে। এসময় দুজনই পুকুরের পানিতে তলিয়ে যায়।
এ ঘটনাটি পার্শ্ববর্তী এক মহিলা দেখতে পেয়ে তাদের দুজনের বাড়িতে খবর দিলে পানি থেকে উদ্ধার করে তাদের স্থানীয় মদনপুর একটি বেসরকারি ক্লিনিক হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত হাবিবুর রহমানের বাবা হানিফ মিয়া জানান, দুপুর ১টার দিকে ফুটবল নিয়ে বাড়ির পাশেই তার ছেলেসহ কয়েকজন শিশু ফুটবল খেলছিল। পুকুরে তাদের লাশ দেখতে পেয়ে তাদের খবর দেয়। পরে তারা ঘটনাস্থলে গিয়ে তাদের পানি থেকে তুলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, নিখোঁজ থাকলে হয়তো স্থানীয়রা তাদের খবর দিতেন। তবে স্থানীয়রা শিশু দুটির লাশ উদ্ধার করেছে শুনেছি।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁন জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা খুবই মর্মান্তিক। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ইমরান হোসেন/সুমন/