গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সায়মা রহমান (৫) নামে এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছেন নিহত শিশুটির পরিবারের আরও চারজন।
বুধবার (১১ জুন) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট স্কাই ব্লু রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ওয়াহিদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিশু সায়মা রহমান ঢাকার নিউস্কাটন রোডের বাসিন্দা রাফিউর রহমানের মেয়ে।
এ ছাড়া নিহতের বাবা রাফিউর রহমান (৪৫), মা নুসরাত জাহান (৩৭), ভাই আসিক দাওয়ান (১০) ও আ. রহমান গুরুতর আহত হয়েছেন।
মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ওয়াহিদুর রহমান জানান, প্রাইভেটকারে করে একই পরিবারের পাঁচজন ঢাকা থেকে খুলনা যাচ্ছিলেন। এ সময় প্রাইভেটকারটি ঢাকা-খুলনা মহাসড়কের দাসেরহাট স্কাই ব্লু রেস্টুরেন্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সোহাগ পরিবহনের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেলে পাঁচজন গুরুতর আহত হন। পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে সায়মা মারা যায়।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার মানোষ ভট্রাচার্য বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
বাদল সাহা/সুমন/