রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে কাজলারপাড় স্কুল গলিতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় মাহিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞপ্তিতে যাত্রাবাড়ী থানা সূত্রে জানানো হয়, রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাহিন বাবার দোকানের কাজ শেষ করে বাড়ির উদ্দেশে রওনা হয়। রাত সাড়ে ৮টার দিকে তার বন্ধু শাওন, রাব্বিসহ আরও কয়েকজন বন্ধুর সঙ্গে যাত্রাবাড়ীর কাজলারপাড় স্কুল গলিতে ফুটবল টুর্নামেন্ট নিয়ে আলোচনার জন্য সিনিয়র ভাইয়ের সঙ্গে দেখা করতে যায়। তাকে না পেয়ে ফেরার পথে রাত সাড়ে নয়টার দিকে কাজলারপাড় স্কুল গলিতে মাজেদ মেডিসিন কর্নারের সামনে পাকা রাস্তায় তিন জন কিশোরসহ অজ্ঞাতনামা কয়েকজন তাদের পথরোধ করে।
একপর্যায়ে তাদের একজন কোমর থেকে সুইচ গিয়ার (চাকু) বের করে মাহিনের বাম পায়ের হাঁটুর উপরে রানে ২টি এবং ডান পায়ের হাঁটুর উপরে রানে একটি গভীর কাটা জখম করে। গুরুতর রক্তাক্ত অবস্থায় মাহিনকে তার বন্ধুরা রিকশায় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে যাত্রাবাড়ী থানায় সোমবার একটি হত্যা মামলা করা হয়।
যাত্রাবাড়ী থানা সূত্রে আরও জানা যায়, তথ্য প্রযুক্তির সহায়তায় এ ঘটনায় জড়িত একজন শিশুকে চিহ্নিত করে যাত্রাবাড়ি থানা পুলিশ। পরবর্তীতে সোমবার ভোরে কাজলারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে জড়িত শিশুটির খালার বাসা থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার (চাকু) উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সুমন/