গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে অস্ত্র উঁচিয়ে কয়েকশত মোটরসাইকেলের মহড়ায় অংশগ্রহণকারী তিনজনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসময় মহড়ায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
বুধবার (১ জুলাই) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন, টঙ্গীর পাগার এলাকার মো. মানোয়ার হোসেন (২৮), একই এলাকার কাজী তৌহিদুল ইসলাম সজিব (৩৫) ও আমতলী কেরানীরটেক এলাকার রনি খা (৩৯)।
পুলিশ জানায়, গত ২৮ জুন টঙ্গীর পাগার আলেরটেক এলাকায় ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেড কারখানার ঝুট দখল করতে শতাধিক মোটরসাইকেলের মধ্যে অস্ত্রের মহড়া দেয় একদল দুর্বৃত্ত। মহড়াকালীন সময়ে কারখানাটির উপস্থিত ছিলেন বিদেশি কয়েকজন ক্রেতা।
এ ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তার করা হয় তাদের। অন্যান্যদের গ্রেপ্তারেও বিভিন্ন স্থানে অভিযান চলছে।
জানা যায়, ২৮ জুন বেলা ১১টার দিকে টঙ্গী শিল্পাঞ্চলের পাগার এলাকায় ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডে কয়েকশত মোটরসাইকেল মহড়া দিয়ে কারখানার সামনে অবস্থান নেয়। এরপর ১০ জনের একটি প্রতিনিধি দল ভেতরে গিয়ে নিজেদেরকে ‘সিটি প্রশাসকের লোক’ দাবি করে কারখানার এডমিন অফিসার আল আমিনকে তাদের অনুমতি ছাড়া ঝুট না দেয়ার নির্দেশ দিয়ে চলে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে ওই মহড়ায় অংশগ্রহণকারী ও গডফাদারদের আইনের আওতায় আনতে অভিযান শুরু করা হয়েছে। মঙ্গলবার (৩০জুন) মহড়ায় অংশগ্রহণকারী তিনজনকে গ্রেপ্তার ও মহড়ায় ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’
পলাশ/এএফ