চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাধারণ সভাজুড়ে ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ হকার নিয়ে ক্ষোভমিশ্রিত আলোচনা করেছেন মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তারা।
রবিবার (২৯ অক্টোবর) নগরীর থিয়েটার ইনস্টিটিউটে চসিকের নির্বাচিত ষষ্ঠ পরিষদের ৩৩তম সাধারণ সভায় তারা দ্রুততম সময়ের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধে এবং অবৈধ হকারদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
হকার প্রসঙ্গে মেয়র বলেন, ‘হকার সব সময় ছিল। কিন্তু এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে, যেন ফুটপাতগুলো টাইলস করে দেওয়াই হয়েছে তাদের ব্যবসা করার জন্য। আর রাস্তায় ভ্যানগাড়ির কারণে প্রচণ্ড জ্যাম হচ্ছে। হকারদের জন্য শিক্ষার্থীরা, বিশেষ করে মেয়েরা স্কুলেও ঢুকতে পারে না। অনেকে হকার পুনর্বাসনের কথা বলেন। পূর্বে হকার পুনর্বাসন কোনো সুফল বয়ে আনেনি। এর আগে হকারদের জহুর হকার মার্কেটে পুনর্বাসন করা হয়। কিন্তু দোকান বরাদ্দ পেয়েই অনেকে দোকান বিক্রি করে আবারও ফুটপাত দখল করে ব্যবসা শুরু করে। এ কারণে, শুক্র ও শনিবার আগ্রাবাদসহ বিভিন্ন এলাকায় উপযুক্ত স্থানে হলিডে মার্কেট চালু করার পক্ষে আমি।’
পে-পার্কিং বিষয়ে মেয়র বলেন, অভিযোগ পেয়েছি বেশ কিছু বড় মার্কেট কাস্টমারদের পার্কিং ব্যবহার করতে না দেওয়ায় গাড়ি রাস্তায় পার্কিং করায় প্রচণ্ড জ্যাম হচ্ছে। ট্রাফিক বিভাগ ও চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলব এসব মার্কেটের কর্তৃপক্ষকে আইনের আওতায় আনতে। ইতোমধ্যে ডিসি ট্রাফিক আমার সঙ্গে দেখা করেছেন। আমরা ঠিক করেছি চসিক ও ট্রাফিক বিভাগ একসঙ্গে পে-পার্কিং বাস্তবায়নে কাজ করবে এবং নগরীর ট্রাফিক ব্যবস্থাপনাকে ঢেলে সাজাবে।
ব্যাটারিচালিত রিকশা প্রসঙ্গে মেয়র বলেন, ‘ব্যাটারিচালিত রিকশা এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এগুলোর ব্রেক শক্তিশালী না, আবার ছোট বাচ্চারাও চালায় অনেক সময়। সঙ্গে বিদ্যুৎ চুরি ও অপচয়ের বিষয়টি তো আছেই। এজন্য সোলার রিকশা চালু করতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের অযান্ত্রিক যানবাহনের লাইসেন্স দেওয়ার কার্যক্রম চলছে, এটি শেষ হলে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে আইনি কোনো বাধা আছে কি না তা আমরা পর্যালোচনা করে অন্যান্য সংস্থার সঙ্গে মিলে যৌথভাবে পদক্ষেপ নেব। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। যে ব্যাটারিচালিত রিকশাগুলো আছে সেগুলোকে সোলারচালিত হিসেবে রূপান্তর করে নিতে হবে। তবে, সোলার রিকশা চালু করলেও অল্প কিছু এলাকা ছাড়া মূল সড়কে এই রিকশাকে উঠতে দেওয়া যাবে না। প্রয়োজনে রিকশার জন্যও লাইসেন্স চালু করতে হবে যাতে শিশুরা এসব না চালাতে পারে। আইনি কাঠামোতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের সুযোগ থাকলে প্রাথমিকভাবে বহদ্দারহাট থেকে সল্টগোলা পর্যন্ত বন্ধ করে দেব। পরে ধাপে ধাপে ব্যাটারিচালিত রিকশাকে নিয়ন্ত্রণে আনব।’
এ সময় কমান্ডার লতিফুল হক কাজমী, পিএসসি, বিএল ব্যাটারিচালিত রিকশাগুলোতে সর্বোচ্চ ২০ কিলোমিটার গতিবেগের নিয়ন্ত্রক সেন্সর ব্যবহারের পরামর্শ দেন।
এ সময় চসিক, জনপ্রতিনিধি এবং ট্রাফিক বিভাগ সম্মিলিতভাবে কাজ করে হকারদের অবৈধ দখল ও ব্যাটারিচালিত রিকশা কমানো সম্ভব বলে মন্তব্য করে এডিসি মো. কাজী হুমায়ুন রশীদ বলেন, ষোলশহর দুই নম্বর গেট এবং জিইসি জনবহুল এলাকা। এ দুটি এলাকায় ফুট ওভারব্রিজসহ শহরজুড়ে জেব্রাক্রসিং বাড়াতে পারলে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব।
সভায় বিগত সাধারণ সভার কার্যবিবরণী, দরপত্র কমিটির কার্যবিবরণী এবং স্ট্যান্ডিং কমিটির কার্যবিবরণী অনুমোদিত হয়। ঢাকায় সংঘর্ষে নিহত পুলিশ কনস্টেবল মো. আমিরুল ইসলাম পারভেজসহ পুলিশের অন্য আহত সদস্যদের জন্য দোয়া করা হয় এবং পুলিশের ওপর হামলার জন্য নিন্দা জানানো হয়।
স্ট্যান্ডিং কমিটির সভাপতিরা তাদের নিজ নিজ স্ট্যান্ডিং কমিটির কার্যবিবরণী পেশ করেন। সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্যানেল মেয়র, কাউন্সিলর চসিকের বিভাগীয় ও শাখাপ্রধানরা এবং নগরীর বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ইফতেখারুল আলম/জোবাইদা/অমিয়