বঙ্গবন্ধু টানেল উদ্বোধন উপলক্ষে চট্টগ্রামে আনোয়ারা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কনসার্টে কিশোর গ্যাংয়ের হামলায় আটজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মোহাম্মদ রাকিব নামের একজন আটক রয়েছে বলে জানান আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ।
আহতরা হলেন- আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের ইমতিয়াজ উদ্দিন (২২), নুরুল হাসনাত সায়েম (২০), মিনহাজ (২২), মোহাম্মদ ফারুক (২৩), হাসিব আহমেদ অয়ন (১৯), তানজু (১৮)। অন্যরা নগরীর জামালখান এলাকার অজ্ঞাতনামা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কনসার্ট চলার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সদস্যরা ছুরি ও লাঠিসোটা দিয়ে আক্রমণ করে। এতে আটজন আহত হয়। আহতদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি সোহেল আহমেদ বলেন, কনসার্টে সংঘর্ষের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।
ইফতেখারুল ইসলাম/ইসরাত/অমিয়/