প্রাণ ও প্রকৃতি রক্ষার দাবিতে প্রাণীদের নিয়ে এক ভিন্নধর্মী প্রতিবাদ সভার আয়োজন করেন চট্টগ্রামের এক যুবক। সেখানে হাজির করা হয় বিভিন্ন প্রাণী ও পাখি।
মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১১টায় চট্টগ্রাম নগরের সাগরিকা পশুবাজার এলাকায় এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
চট্টগ্রামে নির্বিচারে পাহাড় কাটা, বন উজাড়, জমি নষ্ট করে নগরে একের পর এক দালান তৈরির মাধ্যমে মানুষ প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছে।
এর প্রতিবাদ স্বরুপ ব্যতিক্রমভাবে পশুপাখি দিয়ে মানববন্ধনের আয়োজন করেছেন টুটুল চৌধুরী নামের এক যুবক।
প্রাণ ও প্রকৃতি রক্ষার দাবিতে প্রতিবাদ সমাবেশে হাজির করা হয় গরু, ছাগল, ভেড়া, মহিষ ও পাখি। সামনে একটি ব্যানার। পেছনে দাঁড়িয়েছে গরু, ছাগল, ভেড়া, মহিষ। মাঝে দাঁড়িয়ে দুই তরুণী করুণ সুরে ভায়োলিন বাজাচ্ছেন।
পুরো আয়োজনটি এমনভাবে সাজানো হয়েছে যেন বক্তব্য দিচ্ছে গরু, মহিষ ও পাখি।
প্রকৃতি ও প্রাণী নিয়ে এমন ভিন্নধর্মী আয়োজন দেখতে ভিড় করেছেন পথচারীরা।

এ প্রসঙ্গে টুটুল চৌধুরী বলেন, ‘মানুষ প্রতিবাদ করতে মানববন্ধন করে, সভা সমাবেশ করে কিন্তু এসবে কিছুতেই কাজ হচ্ছে না। প্রতিবাদ করে মানুষ, ক্ষতিও করে মানুষ। মানুষের চিন্তাভাবনা, শাসন, নিয়মকানুন, আইন ইত্যাদি প্রকৃতি ও প্রাণিকুলকে অবরুদ্ধ করে দিচ্ছে। মানুষের মতো করে প্রকৃতি ও প্রাণিকুলকে ব্যাখ্যা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রকৃতি ও প্রাণিকুলের কিছু বলার রয়েছে। সে ভাবনা থেকে এই প্রতিবাদী সমাবেশের আয়োজন।’
আয়োজক টুটুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে স্নাতকোত্তর পাস করে এখন শিল্পচর্চা করছেন। পাশাপাশি পারফর্মিং আর্ট ও প্রামাণ্যচিত্র তৈরির সঙ্গে জড়িত।
আবদুস সাত্তার/ইসরাত/অমিয়/