চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মাসব্যাপী ৮ম ‘বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলা’ শুরু হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) চট্টগ্রাম মহানগরের চট্টগ্রাম হালিশহর আবাহনী মাঠে শুরু হওয়া এই মেলা মাসব্যাপী চলবে।
মেলা উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায়।
এ সময় তিনি বলেন, ‘দেশ ব্যবসা-বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে স্থিতিশীল অবস্থার মধ্যে রয়েছে।’
কেউ যেন এ স্থিতিশীল পরিস্থিতি নষ্ট করতে না পারে, এ জন্য তিনি সজাগ দৃষ্টি রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
মেলা সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান বলেন, ‘২০১৪ সালে চট্টগ্রাম হালিশহরের এ মাঠ থেকেই চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের বাণিজ্যমেলার সূচনা হয়। এলাকাবাসীসহ সরকারের বিভিন্ন সংস্থার সহযোগিতায় সফলভাবে এ মাঠে মেলা আয়োজন করতে সক্ষম হয়েছি। আশা করি আপনাদের সবার সহযোগিতায় এবারও আপনাদের একটি সুন্দর মেলা উপহার দিতে পারব।’
তিনি আরও বলেন, ‘বাণিজ্যমেলা শুধু পণ্যের কেনাবেচার মেলা নয়। এই বাণিজ্যমেলা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ ও সেই সঙ্গে স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ ও রপ্তানি বাণিজ্যের সুযোগ সৃষ্টি করা। এই বাণিজ্যমেলা আমাদের রপ্তানি বাণিজ্যের উন্নয়নে একটি সুদূরপ্রসারী মাইলফলক হিসেবে কাজ করবে বলে আমি মনে করি।’
উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এমএ মালেক, দৈনিক পূর্বকোণ পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, বিএসআরএম গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্ত প্রমুখ।
তারেক মাহমুদ/সাদিয়া/অমিয়/