চাঁদপুরের হাজীগঞ্জ সাদ্রা দরবার শরিফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে সৌদি আরবের সঙ্গে মিলিয়ে সোমবার (১১ মার্চ) থেকে রোজা শুরু হয়েছে।
রবিবার (১০ মার্চ) সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় রাতে তারাবির নামাজ ও সেহরি খাওয়ার মধ্য দিয়ে সৌদি আরবসহ আরব দেশের সঙ্গে মিল রেখে চাঁদপুরে অর্ধশত গ্রামের বাসিন্দারা রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেন।
হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দারা সোমবার (১১ মার্চ) থেকে রোজা রাখা শুরু করেন।
ঐতিহাসিক সাদ্রা দরবার শরিফের পীরজাদা পীর ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী জানান, আগাম রোজা ও দুই ঈদ পালনের প্রবর্তক মাওলানা ইসহাক (রহ.)। ১৯৩২ সাল থেকে সাদ্রা দরবার শরিফের পীর সাহেব সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের নিয়ম চালু করেন।
রবিবার রাতে তিনি আরও জানান, সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার খবর পেয়েছি। আমরা নিজেরাও খোঁজ-খবর নিয়ে নিশ্চিত হয়েছি। ইনশাল্লাহ সোমবার থেকে আমাদের গ্রামে রোজা শুরু হবে।
শরিফুল ইসলাম/সাদিয়া নাহার/অমিয়/