বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ ৬৮ হাজার ৩২৬ টন কয়লা নিয়ে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরে ভিড়েছে বাল্ক ক্যারিয়ার। সেখানে তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য এই কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে এসেছে জাহাজটি।
রবিবার (১০ মার্চ) জাহাজটি বন্দরের বহিনোঙরে আসে। আজ সোমবার (১১ মার্চ) চট্টগ্রাম বন্দরের দক্ষ পাইলটরা চারটি টাগবোটের সাহায্যে জাহাজটি মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের সাইলো জেটিতে ভেড়ায়।
জানা গেছে, ইন্দোনেশিয়া থেকে ৬৮ হাজার ৩২৬ টন কয়লা নিয়ে চীনের পতাকাবাহী ‘এমভি গু ইয়ান ৮৮’ নামে একটি জাহাজ মাতারবা সমুদ্রবন্দরে ভিড়েছে। ইন্দোনেশিয়ার তাবনীয় বন্দর থেকে কয়লা নিয়ে এসেছে জাহাজটি। জাহাজটির দৈর্ঘ্য ২৩০ মিটার ও ড্রাফট (পানিতে নিমজ্জিত অংশের গভীরতা) সাড়ে ১২ মিটার। যা এ পর্যন্ত মাতারবাড়ীতে আসা জাহাজের মধ্যে সর্বোচ্চ।
জাহাজের হ্যাজ খুলে ‘আনলোডার’ নামক অত্যাধুনিক জাপানি মেশিনে কনভেয়ার বেল্টের সাহায্যে চলছে কয়লা খালাস কার্যক্রম। অত্যাধুনিক এই যন্ত্রের সহায়তায় আগামী ১৩ মার্চ কয়লা খালাসের কাজ শেষ হবার কথা রয়েছে।
এসজিএস বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা রকিবুল হাসান খবরের কাগজকে বলেন, মাতারবাড়ি সমুদ্রবন্দরে যতগুলো কয়লাবাহী জাহাজ এসেছে এরমধ্যে ‘এমভি গু ইয়ান ৮৮’ জাহাজটি সবচেয়ে বড়। জাহাজটির ৮০ হাজার টন পর্যন্ত কয়লা ধারণক্ষমতা রয়েছে। তবে মাতারবাড়ীতে এখন পর্যন্ত এই জাহাজে করে সর্বোচ্চ পরিমাণ ৬৮ হাজার ৩২৬ টন কয়লা আনা হয়েছে। এটা রেকর্ড। তবে আমরা দ্রুত খালাস করার চেষ্টা করছি। জাপানি মেশিনে কনভেয়ার বেল্টের সাহায্যে প্রতি ২০ মিনিটে ২ হাজার টন কয়লা খালাস করা সম্ভব হচ্ছে।
জিপি শিপিং লাইন্স লিমিটেডের কর্মকর্তা শাহিনুল ইসলাম বলেন, এত বড় জাহাজ মাতারবাড়িতে আগে কখনো ভেড়েনি। আমরা দিন দিন আশার আলো দেখছি। আমরা আশা করি সামনে আরও বড় জাহাজ মাতারবাড়িতে ভেড়ানো সম্ভব হবে।
এর আগে গত বছরের ২৫ এপ্রিল মাতারবাড়ীতে বড় একটি জাহাজ ভিড়েছিল। পানামা পতাকাবাহী ‘অউসো মারু’ নামক ওই জাহাজটির দৈর্ঘ্য ছিল ২২৯ মিটার এবং ড্রাফট ছিল সাড়ে ১২ মিটার। তখন ওই জাহাজটি ছিল মাতারবাড়িতে ভেড়া সবচেয়ে বড় জাহাজ। কিন্তু সম্প্রতি মাতারবাড়িতে চায়না পতাকাবাহী জাহাজ ‘এমভি গু ইয়ান ৮৮’ ভেড়ার কারণে অতীতের সব রেকর্ড ভেঙে গেল।