নোয়াখালীর মাইজদী দারুল আজহার মডেল মাদরাসার তৃতীয় জমাতের ছাত্রকে (১০) হত্যার ভয় দেখিয়ে একাধিকবার বলাৎকারের অভিযোগ উঠেছে মাদরাসার শিক্ষক মো. ইলিয়াছের বিরুদ্ধে। তার বিরুদ্ধে ওই ছাত্রের মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি মামলার বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, ভুক্তভোগী ছাত্রের মা শিক্ষক মো. ইলিয়াছকে আসামি করে মামলা করেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অভিযুক্ত মো. ইলিয়াছ দারুল আজহার মডেল মাদরাসার আবাসিক শিক্ষক। তিনি জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের গাংচিল গ্রামের বাসিন্দা।
এজাহার সূত্রে জানা গেছে, শিক্ষক ইলিয়াছ গত ১ মার্চ (শুক্রবার) সকালে ভুক্তভোগী ছাত্রকে আতর নিয়ে তার রুমে আসতে বলেন। ছাত্র এসে তার কাছে আতর নাই জানালে শিক্ষক তার রুমের দরজা বন্ধ করে ওই ছাত্রকে জোরপূর্বক বলাৎকার করেন। পরে হত্যার হুমকি দিয়ে বিষয়টি কাউকে না জানাতে বলেন এবং ৪ মার্চ পর্যন্ত একাধিকবার বলাৎকার করেন।
মামলার বাদী খবরের কাগজকে বলেন, 'খবর পেয়ে আমি মাদরাসায় গিয়ে অসুস্থ ছেলেকে হাসপাতালে নিয়ে যাই। বিষয়টি মাদরাসায় জানিয়েও কোনো প্রতিকার পাইনি। বরং মাদরাসা কর্তৃপক্ষ চিকিৎসায় বাধা দিয়ে ছেলেকে নিয়ে বাড়ি চলে আসতে বাধ্য করেন এবং কোথাও অভিযোগ না দিতে শাসিয়ে যান। এদিকে তারা মুচলেকা নিয়ে শিক্ষককে মাদরাসা থেকে পালিয়ে যেতে সহযোগিতা করেন।
দারুল আজহার মডেল মাদরাসার পরিচালক মো. আবু সালমান বলেন, 'ঘটনাটি জানার পর আমরা বিষয়টি জানার চেষ্টা করি। পরবর্তী সময়ে ওই শিক্ষক ভুক্তভোগীর সঙ্গে খারাপ আচরণের কথা স্বীকার করেন মুচলেকা দিয়েছেন। তার বিরুদ্ধে যেকোনো আইনি প্রক্রিয়ায় গ্রহণে মাদরাসা কর্তৃপক্ষ সহযোগিতা করবে।
ইকবাল মজনু/জোবাইদা/অমিয়/