চাঁদপুরের কচুয়ায় নাজির উল্লাহ স্বপন নামে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা করায় বাদী কোহিনুর আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (১৬ মার্চ) দুপুরে কচুয়া থানা-পুলিশ তাকে চাঁদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
এর আগে শুক্রবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার পালগিরি উত্তরপাড়া বাড়ি থেকে কোহিনুরকে গ্রেপ্তার করে পুলিশ।
উপজেলার পালগিরি গ্রামের বাসিন্দা কোহিনুর (৩৩)। আর্থিক ও অন্যান্য সুবিধার জন্য ভাড়াটিয়া হয়ে পুরুষদের নামে ধর্ষণ মামলা করাই তার পেশা। এ পর্যন্ত বেশ কয়েকটি ধর্ষণ মামলার বাদী কোহিনুর। এ ছাড়া তিনি অভিযুক্ত ব্যক্তিদের স্বামী দাবি করে যৌতুক মামলা করেন।
কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু কুমার খবরের কাগজকে বলেন, ‘তথ্য নিয়ে জানতে পারি কোহিনুর একজন যৌনকর্মী। তিনি নাজির উল্লাহ স্বপনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। মামলাটি আদালতে মিথ্যা প্রমাণিত হওয়ায় খারিজ হয়। পরে স্বপন বাদী হয়ে কোহিনুরের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেন। এর প্রেক্ষিতে আদালত কচুয়া থানাকে অভিযোগটি মামলা আকারে গ্রহণের নির্দেশ দেন। এতে মামলাটি থানায় গ্রহণ করে নামীয় আসামি কোহিনুরকে গ্রেপ্তার করা হয়।’
ভুক্তভোগী নাজির উল্লাহ স্বপন বলেন, ‘আপন ভাই বুলনের সঙ্গে আমার সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। এই বিরোধের জেরে যৌনকর্মী কোহিনুরকে দিয়ে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আমার নামে ধর্ষণ মামলা করান। এই মামলায় আমি তিন মাস কারাভোগ করে জামিনে মুক্তি পাই। এর মধ্যে আদালত আমার ডিএনএ টেস্ট করে ধর্ষণের আলামত পায়নি। এতে চলতি বছরের ১৭ জানুয়ারি মামলাটি খারিজ করা হয়। পরে আমিও কোহিনুরের বিরুদ্ধে একই আদালতে চলতি মার্চ মাসের ৪ তারিখে ১৭ ধারায় অভিযোগ করি। কোহিনুরের করা মামলায় আমার আর্থিক, মানসিকভাবে হয়রানি ও সম্মানহানি হয়েছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি হলে অনেক পুরুষ হয়রানি থেকে রক্ষা পাবে।’
জানা গেছে, কোহিনুর নিজের স্বামী দাবি করে এ পর্যন্ত ঢাকা, কচুয়া ও শাহরাস্তির তিন ব্যক্তির নামে মামলা করেছে।
গ্রেপ্তারের পর শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যায় শাহরাস্তি উপজেলার ব্যবসায়ী প্রদীপ সরকার থানায় গিয়ে নিজেকে কোহিনুরের স্বামী দাবি করেন। পরে এসআই মিন্টু তাকে বিয়ের কাগজপত্র নিয়ে যেতে বললে তিনি আর যাননি।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান খবরের কাগজকে বলেন, ‘আদালতের নির্দেশে আমরা স্বপনের মামলাটি এফআইআরভুক্ত করি। এই মামলায় শনিবার কোহিনুরকে গ্রেপ্তার করে দুপুরে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।’
শরীফুল/পপি/অমিয়/