বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও চতুর্থ উচ্চতম পর্বত মাউন্ট লোৎসে অভিযানে যাচ্ছেন বন্দরনগরী চট্টগ্রামের বাবর আলী। নেপাল-তিব্বত সীমান্তে অবস্থিত ২৯০২৮ ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টে অভিযান নিঃসন্দেহে দুরূহ একটা কাজ। একই অভিযানে ২৭৯৪০ ফুট উচ্চতার মাউন্ট লোৎসে আরোহণের প্রচেষ্টা ব্যাপারটা আরও চ্যালেঞ্জিং। বাংলাদেশ থেকে আগে এভারেস্ট আরোহণ হলেও একই অভিযানে এভারেস্ট এবং লোৎসে আরোহণের চেষ্টা হয়নি আগে। তবে ওই চ্যালেঞ্জ নিয়েছেন বাবর আলী।
শনিবার (৩১ মার্চ) চট্টগ্রাম প্রেস ক্লাবে পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হয়। অভিযানের সমন্বয়ক ফরহান জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভার্টিক্যাল ড্রিমার্সের সাবেক সভাপতি শিহাব উদ্দীন ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিজুয়াল নিটওয়ারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নুর ফয়সাল। সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে বাবরের হাতে তুলে দেওয়া হয় জাতীয় পতাকা।
২০১৪ সাল থেকে পর্বতারোহী হিসেবে বাবরের পথচলা শুরু। চট্টগ্রামের পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের প্রতিষ্ঠাতা সদস্য তিনি। এই ক্লাবের মাধ্যমে গত ১০ বছরে হিমালয়ের নানা শিখরে অভিযানে অংশ নিয়েছেন তিনি। এ ছাড়া ২০১৭ সালে ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ সম্পন্ন করেন। ২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ের অন্যতম দুর্গম ও টেকনিক্যাল চূড়া আমা দাবলাম (২২,৩৪৯ ফুট) আরোহণ করেন তিনি।
সংবাদ সম্মলনে বাবর বলেন, ‘বেশির ভাগ পর্বতারোহী বিশ্বের সবচেয়ে উঁচু বিন্দুতে দাঁড়িয়ে বাকি পৃথিবী দেখার স্বপ্ন দেখেন। আমিও এর ব্যতিক্রম নই। আমি সব সময় চ্যালেঞ্জিং আর নতুন কিছু করতে পছন্দ করি। একই অভিযানে এভারেস্টের সঙ্গে লোৎসে আরোহণের প্রচেষ্টা নিতে যাচ্ছি।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১ এপ্রিল অভিযানের উদ্দেশ্যে নেপাল যাবেন বাবর। পর্বতারোহণের প্রয়োজনীয় অনুমতি ও নানা সরঞ্জাম কেনার কাজ শেষ করে নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা হবেন। সপ্তাহ খানেকের ট্রেক শেষ পৌঁছাবেন বেস ক্যাম্পে। মূল অভিযান শুরু হবে ওখান থেকেই। পুরো অভিযানে সময় লাগবে প্রায় দুই মাস।