ফটিকছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আবু তৈয়ব ও বর্তমান পৌরসভা মেয়র ইসমাইল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ১৪ তারিখ জবাব দেওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে।
সোমবার (১৩ মে) কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী।
মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, গত ৯ এপ্রিল এস এম আবু তৈয়ব এক প্রার্থীর পক্ষে প্রচারণা পথসভায় বক্তব্যের সময় ভোটারদের উদ্দেশে মানহানিকর বক্তব্য প্রদান করায় উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালার ১৮(ক) বিধি লঙ্ঘন করার বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হয়েছে।
এছাড়াও গত ১১ তারিখ ফটিকছড়ি পৌরসভার মেয়র এক ফেসবুক পোস্টে নির্বাচনি প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছেন একইসঙ্গে পূর্ববর্তী নির্বাচন নিয়েও প্রশ্ন তোলায় উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা এর ৫(ক) এর উপবিধি লঙ্ঘন করেছেন। তাই বিধিমালার ৩২ এর ১ উপবিধি অনুসারে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না জানতে চেয়ে আগামী ১৪ তারিখ জবাব দেওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এর জন্য নির্বাচন কমিশন বদ্ধ পরিকর বলে যোগ করেন তিনি।
এর আগে গত ১২ মে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নির্বাচনি প্রচারণায় প্রতিটি গাড়িতে একাধিক মাইক এবং ছবিযুক্ত টি শার্ট ব্যবহার করায় উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৬ এর বিধি ১৭ (ক) ও ২১ (১) ভঙ্গ করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থী বখতেয়ার সাইদ ইরানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন।
উল্লেখ্য দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা থেকে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান ৪ জন (পুরুষ) ও ভাইস চেয়ারম্যান (মহিলা) ২ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান পদে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিমুদ্দিন মুহুরী মোটরসাইকেল প্রতীক ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বখতিয়ার সাঈদ ইরান আনারস প্রতীকে নির্বাচন করছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জেবুন্নাহার মুক্তা প্রজাপতি প্রতীক ও আওয়ামী লীগ নেত্রী শারমিন নুপুর ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালামত উল্লাহ চৌধুরী শাহীন বই প্রতীক, ফটিকছড়ি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন টিউবওয়েল প্রতীক, সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী তালা প্রতীক ও নাজিমুদ্দিন সিদ্দিকী চশমা প্রতীকে নির্বাচন করছেন।
ফটিকছড়ি উপজেলায় ২১ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তারেক মাহমুদ/এমএ/