হাইকোর্টের নির্দেশে প্রার্থীতা ফিরে পাওয়ার পর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানপ্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনকে ‘টেলিফোন’ প্রতীক দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাঈল প্রতীক দেওয়ার বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশনা পেয়ে তৃতীয় ধাপের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মো. শাহাদাত হোসেনকে আজ বৃহস্পতিবার টেলিফোন প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এরআগে মঙ্গলবার (১৪ মে) হাইকোর্টের বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ মো. শাহাদাত হোসেনকে নির্বাচনে সুযোগ দিতে মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন।
গত ৫ মে যাচাই-বাছাইয়ে হলফনামায় মামলা ও আয় বিবরণীর তথ্য গোপন রাখায় শাহদাত হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এরপর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বরাবর আপিল করেন শাহদাত। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহবুবুর রহমান একই কারণে গত ৯ মে মনোনয়নপত্র বাতিলের রায় বহাল রাখেন। পরে এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন শাহাদাত হোসেন।
আগামী ২৯ মে তৃতীয় ধাপে নোয়াখালীর কোম্পানীগঞ্জ, সদর ও বেগমগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কোম্পানীগঞ্জে চেয়ারম্যান পদে সেতুমন্ত্রীর ভাইসহ চারজন প্রার্থী হয়েছেন। বাকি তিন প্রার্থী হলেন- উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও ঢাকার ব্যবসায়ী গোলাম শরীফ চৌধুরী পিপুল (আনারস), সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল (দোয়াত কলম) এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী ওমর আলী রাজ (মোটর সাইকেল)।
মজনু/এমএ/