চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নে একটি খালে অজ্ঞাত নারীর মরদেহ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৬ মে) রাতে ওই ইউনিয়নের নোয়াপাড়া সড়কের হাঁটখোলা বাড়ির পাশের খাল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
শুক্রবার (১৭ মে) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় এক নারী তার গৃহপালিত হাঁস ধরতে খালে নামেন। এ সময় তিনি খালে কচুরিপানার নিচে চুল দেখতে পেয়ে ভয়ে চিৎকার করেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধারের পর স্থানীয়দের দেখালে কেউই মৃত এই নারীকে চেনেন না এবং স্থানীয় কেউ নিখোঁজও হননি বলে জানান।
এদিকে ঘটনাটি তদন্তের জন্য খবর দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) । তারা রাতেই মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে খবরের কাগজকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, কয়েক দিন ধরে মরদেহটি এই খালে পড়ে ছিল। স্থানীয়রা কেউ যেহেতু মরদেহের পরিচয় জানেন না, তা হলে সন্দেহ থাকছে। কেউ মেরে এখানে ফেলে গেছে কি না তদন্তের মাধ্যমে সেটি বেরিয়ে আসবে। এখনো মরদেহের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।’
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোস্তফা কামাল রাশেদ বলেন, ‘মরদেহের বেশিরভাগ অংশ পচে-গলে গেছে। তার পরিচয় শনাক্ত করতে ফিঙ্গার প্রিন্ট নেওয়া পর্যন্ত সম্ভব হয়নি। তার পরও তদন্ত অব্যাহত রয়েছে।’
শরীফুল ইসলাম/ইসরাত চৈতী/