চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি পুকুরে পড়ে লরিচাপায় মাম-ভাগ্নের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।
শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ৮টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে বাটারফ্লাই মোড়ে প্রজাপতি পার্কের পাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আসাদুজ্জামান সানি (১৯) ও শিশু মো. সাকিব (৫)। সম্পর্কে তারা মামা-ভাগ্নে।
অন্যদিকে আহতরা হলেন- ইমরান (৮), নুরুল আমিন (২১), তাসপিয়া (২০) ও নুসরাত (৩৫)।
জানা গেছে, কনটেইনারবাহী লরিটি একটি রিকশাকে ধাক্কা দিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। লরিটি প্রজাপতি পার্কের পাশে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ফুটপাতে থাকা ছয়জনকে ধাক্কা দিয়ে গাড়িটি পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়।
স্থানীয়রা পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। সেখানে আসাদুজ্জামান সানির মৃত্যু হয়। সানির লাশ চমেক হাসপাতালের মর্গে রয়েছে।
অন্যদিকে শুক্রবার (১৭ মে) রাত ১টার দিকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। আহত চারজন বর্তমানে চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
কেইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মামুনুর রশীদ বলেন, ‘হতাহতরা ফুটপাতে হাঁটার সময় এ দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পর আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তবে শিশুটির মরদেহ স্থানীয়রা উদ্ধার করেছেন।’
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর জোনের এডিসি হারুনুর রশীদ খবরের কাগজকে বলেন, ‘একটি রিকশাকে ধাক্কা দিয়ে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় কনটেইনারবাহী লরিটি। লরিচালক কামাল হোসেনকে আটক করা হয়েছে।’
ইফতেখারুল/ইসরাত চৈতী/