কক্সবাজার সমুদ্রসৈকতে স্ত্রীকে নিয়ে ঘুরতে এসে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছে স্থানীয় আবাসিক হোটেলের এক কর্মচারী। এ সময় দুর্বৃত্তরা নিহত যুবকের মোবাইল ছিনিয়ে নেয়।
রবিবার (৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে শহরের কলাতলী এলাকার সৈকতের বেলী হ্যাচারি পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আব্দুল কাদের (২৫)। তিনি চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের উপরপাড়ার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে। কলাতলী এলাকার অভিজাত হোটেল বেস্ট ওয়েস্টার্নে কাজ করতেন তিনি।
এ ঘটনায় কাদেরের স্ত্রী তসলিমা আক্তার (২০) ও এই হোটেলের এক কর্মী তৌহিদুল ইসলাম মাঈনকে (২৩) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
নিহতের স্বজন ও সহকর্মীদের বরাতে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, আব্দুল কাদের ও তসলিমা আক্তার একই হোটেলে কাজ করেন। পরিবারকে না জানিয়ে গত আট দিন আগে তারা বিয়ে করেন। তবে তারা নিজেদের পরিবারের সঙ্গে থাকতেন।
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্তারিত জানতে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীসহ দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ হেফাজতে নেওয়ার আগে কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্ত্রী তসলিমা সাংবাদিকদের কাছে বলেন, ‘গত ২ জুন পরিবারকে না জানিয়ে আমরা বিয়ে করি। কথা ছিল, উভয়ে কয়েক বছর চাকরি করে আর্থিকভাবে সচ্ছল হয়ে পরিবারের সম্মতিতে সামাজিকভাবে আবার বিয়ের আয়োজন করব। সন্ধ্যায় বিচে ঘুরতে গিয়ে বেলী হ্যাচারি পয়েন্টে পৌঁছে আমরা মোবাইলে লুডু খেলি। পরে সৈকতে জেলেদের কাছ থেকে মাছ কিনে ফেরার পথে ৪-৫ জন লোক আমাদের ঘিরে ধরে। পরে আমার স্বামীর কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সে বাধা দেয়। এ সময় তার সঙ্গে দুর্বৃত্তদের ধস্তাধস্তির একপর্যায়ে তারা কয়েকবার ছুরিকাঘাত করে মোবাইলটি নিয়ে চলে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ওসি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।
মুহিবুল্লাহ মুহিব/জোবাইদা/অমিয়/