সনাতন ধর্মের বৃহৎ অনুষ্ঠান রথযাত্রার দিন এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবি জানিয়েছে ইসকনসহ চট্টগ্রামের বিভিন্ন সনাতনী সংগঠনের নেতারা।
শনিবার (২৯ জুন) সকালে নগরের ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানানো হয়।
আগামী ৭ জুলাই শুরু হবে রথযাত্রা। আর ১৫ জুলাই উল্টা রথযাত্রা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া রথযাত্রায় একদিনের সরকারি ছুটিসহ সরকারের কাছে ৯ দফা দাবি উপস্থাপন করা হয়।
দাবিগুলো হলো- রথযাত্রায় একদিনের সরকারি ছুটি ঘোষণা, এ বছর এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে রথের দিনের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার সূচি পরবির্তন করা, পূর্ববর্তী বিভিন্ন জাতীয় নির্বাচনে ঘোষিত ইশতেহারে সংখ্যালঘুদের জন্য ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়ন, সাম্প্রদায়িক হামলা বন্ধে কঠোর আইন এবং দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার, দেবোত্তর সম্পত্তি রক্ষা ও ঐতিহ্যবাহী তীর্থস্থানগুলো সংরক্ষণ এবং সেখানকার সম্পত্তি রক্ষা, প্রতিটি উপজেলায় সরকারি অনুদানে কেন্দ্রীয়ভাবে দৃষ্টিনন্দন মডেল মন্দির নির্মাণ, জাতীয় মহাতীর্থ শ্রীশ্রী চন্দ্রনাথ ধাম ও বাড়বকুণ্ডধাম রক্ষা, সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন মঠ ও মন্দির পুনঃনির্মাণ ও সংস্কারে সরকারের উদ্যোগ, ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির নিয়ে ষড়যন্ত্র বন্ধ এবং মন্দির রক্ষা করা, সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে সংখ্যালঘুদের নিয়ে করা ষড়যন্ত্র বন্ধ এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং হিন্দু পারিবারিক আইন নিয়ে কোনো হটকারী সিদ্ধান্ত গ্রহণ না করা।
তা ছাড়া, হিন্দু নেতা, সাধু-সন্ন্যাসীদের সঙ্গে আলাপ-আলোচনা করে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব করা হয়।
সংবাদ সম্মলনে লিখিত বক্তব্য পাঠ করেন, শ্রীশ্রী পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী।
তিনি বলেন, ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই রথযাত্রা মহোৎসব পৃথিবীর প্রত্যেকটি বড় বড় শহরে পৌঁছে দিয়েছেন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্ত সানফ্রান্সিসকো, নিউইর্য়ক, লন্ডন, টোকিও, সিডনি, প্যারিস, রোম, বার্লিন, মস্কো, বেইজিং, কলকাতা, দিল্লি, জেনেভা, ঢাকা, চট্টগ্রামসহ পৃথিবীর প্রত্যেকটি বড় বড় শহরে জগন্নাথদেবের রথযাত্রা উদযাপন করে আসছেন।
আগামী ৭ জুলাই চট্টগ্রামে রথযাত্রায় প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোহাম্মদ হাছান মাহমুদ।
এ ছাড়া অনুষ্ঠানে সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, সিএমপি কমিশনার, কূটনৈতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। ১৫ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে ৯ দিনব্যাপী অনুষ্ঠান শেষ হবে।
এ সময় বক্তব্য রাখেন ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌরদাস ব্রহ্মচারী।
উপস্থিত ছিলেন ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক দারুব্রহ্ম জগন্নাথদাস ব্রহ্মচারী, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখর বিশ্বাস, চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, সনাতন বিদ্যার্থী সংসদ চট্টগ্রাম মহানগরের সভাপতি আয়ান শর্মা, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, সনাতনী জাগরণী সংঘের সভাপতি কাঞ্চন আচার্য্য, জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি রুবেল কান্তি দে, সাংবাদিক বিপ্লব পার্থ, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্রণব কুমার দে, আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট মিঠুন বিশ্বাস, মন্দিরের সদস্য সুচারু কৃষ্ণদাস ব্রহ্মচারী, নিত্যনারায়ণ দাস ব্রহ্মচারী, পাণ্ডব গৌবিন্দ দাস ব্রহ্মচারী, উজ্জ্বল নিলাম্বর দাস ব্রহ্মচারী, বিশ্বরুপ কৃষ্ণ দাস ব্রহ্মচারী, জয়ানন্দ বলদেব দাস, রাধাকান্ত দাস ব্রহ্মচারী, সোমনাথ দাস ব্রহ্মচারী প্রমুখ।
এস এম ইফতেখারুল/জোবাইদা/অমিয়/