চট্টগ্রাম নগরী আলোকিত করতে ২৬০ কোটি ৮৯ লাখ ৮৭ হাজার টাকা ব্যয়ে এলইডি লাইটের একটি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
শনিবার (৬ জুলাই) এ প্রকল্প নিয়ে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
বিশেষ অতিথি থাকবেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার (৫ জুলাই) বিকেলে চট্টগ্রাম পৌঁছান মো. তাজুল ইসলাম। এ সময় শাহ্ আমানত বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মো. রেজাউল করিম চৌধুরী।
‘মডার্নাইজেশন অব সিটি স্ট্রিটলাইট সিস্টেম অ্যাট ডিফারেন্ট এরিয়া আন্ডার চিটাগং সিটি করপোরেশন’ শীর্ষক প্রকল্পটির মাধ্যমে সড়কবাতির আলোয় নগরীকে আলোকিত করতে এ প্রকল্প হাতে নেয় চসিক।
২০১৯ সালের ৯ জুলাই একনেক সভায় প্রকল্পটির অনুমোদন হয়।
প্রকল্পটি বাস্তবায়নে ভারত সরকার ঋণ দিচ্ছে ২১৪ কোটি ৪৬ লাখ ৮২ হাজার টাকা এবং সরকারি তহবিল (জিওবি) থেকে দেওয়া হচ্ছে ৪৬ কোটি ৪৩ লাখ ৫ হাজার টাকা।
ইফতেখারুল/পপি/অমিয়/