রথযাত্রা উৎসব আগামীকাল (৭ জুলাই)। এ উপলক্ষে দুপুর ২টায় ভক্তদের সমাগমে তিনটি প্রধান রথযাত্রা চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। তাই এদিন যানবাহন চলাচলে নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক দক্ষিণ বিভাগ।
শুক্রবার (৫ জুলাই) সিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আগামী ৭ জুলাই রথযাত্রা উৎসব। সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে যান চলাচলে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি রথযাত্রা অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমরা নগরবাসীর সহযোগিতা চাই।
তুলশীধামের রথযাত্রা রুট-১
বোস ব্রাদার্স থেকে রাইফেল ক্লাব-আমতল-নিউমার্কেট মোড় (বামে মোড়)-জিপিও-কোতোয়ালি মোড় (বামে মোড়)-কোর্টবিল্ডিং উঠার মুখ-লালদিঘি উত্তরপাড়-বক্সির বিট-আন্দরকিল্লা-জেএমসেন হল-চেরাগী পাহাড়-জামালখান মোড়- সার্সন রোড-কাজীর দেউড়ী-নেভাল অ্যাভিনিউ-লাভ লেইন-বৌদ্ধ মন্দির- নন্দনকানন ১নং গলি-বোস ব্রাদার্স (তুলশীধাম)।
রাধামাধব মন্দির (ইসকন), নন্দনকানন রথযাত্রা রুট-২
শ্রী শ্রী রাধামাধব মন্দির (ইসকন) নন্দনকানন ১নং গলি-ডিসি হিল-বৌদ্ধ মন্দির-হেমসেন লেইন-চেরাগী পাহাড়-জেএমসেন হল-আন্দরকিল্লা-বক্সির বিট-লালদিঘির উত্তরপাড়-সোনালী ব্যাংক-কোতোয়ালি মোড়-জিপিও গ্যাপ-নিউমার্কেট মোড়-আমতল-রাইফেল ক্লাব-পুলিশ প্লাজা (বোস ব্রাদার্স)- নন্দনকানন ১ নং গলি।
আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)-এর রথযাত্রা রুট-৩
প্রবর্তক ইসকন মন্দির-প্রবর্তক মোড়-গোলপাহাড় মোড়-চট্টেশ্বরী মোড়-আলমাস-কাজীর দেউড়ী- আসকার দিঘির উত্তরপাড়-সার্সন রোডের মাথা- জামালখান মোড় (খাস্তগীর স্কুল)-প্রেস ক্লাব-চেরাগী পাহাড়-জেএম সেন হল-আন্দরকিল্লা-বক্সির বিট- লালদিঘির উত্তর পাড়-সোনালী ব্যাংক-কোতোয়ালি মোড়-নিউ মার্কেট-আমতল-রাইফেল ক্লাব-সিনেমা প্যালেস- হাজারী গলি (কেসি দে রোড)।
পুলিশের নির্দেশনায় আরও বলা হয়েছে, আগামী ৭ জুলাই দুপুর ২টা থেকে উল্লিখিত সড়কে রথযাত্রার সুষ্ঠু চলাচলের জন্য চট্টেশ্বরী মোড়, ওয়াসা মোড়, স্টেডিয়াম গোল চত্বর, নেভাল মোড়, নুর আহাম্মদ সড়কের মাথা, এনায়েত বাজার মোড়, তিন পোলের মাথা, নিউমার্কেট, আলকরণ রোডের মুখ (জিপিও), কোতোয়ালির মোড়, লালদিঘির উত্তরপাড়, আন্দরকিল্লা মোড়, গুডস হিল মুখ, গণি বেকারি, সার্সন রোডের মুখে রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন দেওয়া হবে। ফলে ওই সময়ে রথযাত্রা অভিমুখে সব ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
নন্দনকানন ইসকন রাধামাধব মন্দির ও গৌর নিতাই সেবাশ্রমের সভাপতি পণ্ডিত গধাদর দাস ব্রহ্মচারী বলেন, ‘রথযাত্রা বাংলাদেশ তথা সারা বিশ্বে অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। আগামীকাল ৭ জুলাই রথযাত্রা অনুষ্ঠিত হবে। সেদিন রথযাত্রা উৎসবকে আরও প্রাণবন্ত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই আয়োজন সফল করতে আমরা সবার সহযোগিতা কামনা করছি।’
ইফতেখারুল/ইসরাত চৈতী/অমিয়/