চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান আশিক ইমরানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (৯ জুলাই) সিডিএর কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিডিএর চেয়ারম্যান বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য চট্টগ্রামকে বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়তে চাই। শুধু ইট-পাথরের বস্তি উপহার দিয়ে যেতে চাই না। তাই আমাদের সবাইকে একে অপরের সহায়ক হিসেবে যৌথভাবে এ কাজ করতে হবে।
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের নেতারা সিডিএ চেয়ারম্যানের পরিকল্পনা বাস্তবায়নে, টেকসই, বাসযোগ্য ও পরিবেশবান্ধব আধুনিক চট্টগ্রাম গড়তে যৌথভাবে কাজ করা এবং সিডিএকে সহযোগিতা করার আশ্বাস দেন।
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি চেয়ারম্যান স্থপতি ফারুক আহমেদ, কোষাধ্যক্ষ স্থপতি বিজয় শঙ্কর তালুকদার, সদস্য-পেশা স্থপতি আব্দুল্লাহ রুম্মান, সদস্য-সদস্যপদ স্থপতি হোসেন মুরাদ, সদস্য-সেমিনার ও শিক্ষা স্থপতি আদর ইউসুফ, সদস্য-ঐতিহ্য ও সংস্কৃতি স্থপতি মো. শওকত হোসাইন, সদস্য-প্রকাশনা স্থপতি মো. মঈনুল হাসান।
এ ছাড়া সিডিএর পক্ষে সিস্টেম এনালিস্ট মো. মোস্তফা জামাল, ঊর্ধ্বতন স্থপতি মো. গোলাম রব্বানী চৌধুরী এবং অথরাইজড কর্মকর্তা-২ প্রকৌশলী তানজিব হোসেন সভায় অংশ নেন।
এসএম ইফতেখারুল/জোবাইদা/অমিয়/