রুটিন অনুযায়ী যথারীতি পরীক্ষা দিতে এসেছিলেন পরীক্ষার্থীরা। সেই মোতাবেক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা হওয়ার কথা। কিন্তু কর্তৃপক্ষ তাদের হাতে ধরিয়ে দিলেন পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রশ্ন।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১০টায় চট্টগ্রামের সীতাকুন্ডের ভাটিয়ারি ইউনিয়নের বিজয় সরণি ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, পরীক্ষার শুরুতে ভুল প্রশ্নপত্র বিতরণ করা হয়। প্রশ্ন হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে হৈচৈ পড়ে যায়। এরপর শিক্ষার্থীদের কাছ থেকে প্রশ্নপত্রটি পুনরায় সংগ্রহ করে পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়। তবে ২ ঘন্টা পর প্রথম পত্রের প্রশ্নপত্র সংগ্রহ করে পুনরায় পরীক্ষা শুরু হয়।
এই ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি ও সীতাকুণ্ড নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে জানতে ওই কেন্দ্রের সচিব ভাটিয়ারী বিজয় সরণি ডিগ্রি কলেজের অধ্যাপক শিব শংকর শীলের মোবাইলফোনে কল দিলে তিনি মিটিংয়ে আছেন বলে ফোন কেটে দেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফা আলম সরকার বলেন, ‘পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র সংগ্রহ করার দায়িত্ব থাকে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবের। জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি থেকে প্রত্যেক কেন্দ্রসচিবকে বা তাদের প্রতিনিধিকে প্রশ্নপত্র বুঝিয়ে দেওয়া হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন, ‘কার ভুলে এই ঘটনা ঘটেছে তদন্ত করে দেখা হবে। চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে। পাশাপাশি উপজেলা প্রশাসন থেকে সরকারি কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিনকে প্রধান করে একটি তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে। কমিটির অপর দুজন সদস্য হলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফা আলম সরকার ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিবুল্লাহ।’
সাদিয়া নাহার/অমিয়/