ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুর খননের কাজে গিয়ে দুজন মারা গেছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সিদ্ধেশ্বরী গ্রামে এ ঘটনা ঘটে। তারা হলেন ময়মনসিংহ জেলার তারাকান্দার আবদুর রাজ্জাকের ছেলে দোলোয়ার ও আসাদ আলীর ছেলে মনসুর আলী। সরাইল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
রিয়াজ মোহাম্মদ জানান, পুকুর খননের কাজ করার সময় বুধবার রাত ১২টায় একপর্যায়ে পুকুরটির বাঁধ ভেঙে পাশের জমিতে থাকা পানি পুকুরে ঢুকে যায়। এতে খনন করা ১৫ ফুট গভীরতার পুকুরটি পানিতে ভরে যায়। সেই পানির প্রবাহে তলিয়ে যান মনসুর, দেলোয়ার ও আতিকুল। তবে আতিকুল পানির নিচ থেকে বের হতে পারলেও মনসুর ও দেলোয়ার বের হতে পারেননি। বুধবার রাত পৌনে ১টায় স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে সেসময় কাউকে উদ্ধার করতে পারেনি। গতকাল সকাল ৭টায় ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। ৪ ঘণ্টা উদ্ধার অভিযানের পর দেলোয়ার ও মনসুরের লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, দুজনের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।