নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পর্শে আবু নাছের সোহাগ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১১টায় মুছাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড়ের মরহুম নোয়াব আলীর ছেলে। তিনি অসহায় রোগীদের রক্তদানে গঠিত মানবিক সংগঠন ‘জীবন আলোর’ উপজেলা সভাপতি ছিলেন।
মুছাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আইয়ুব আলী খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সোহাগ পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন। রাতে ইমরান নামে একজনের বাড়িতে আইপিএস মেরামতের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
জীবন আলোর সাবেক কেন্দ্রীয় সভাপতি শওকত আজীম জাবেদ বলেন, ‘অসহায় রোগীদের পাশে রক্ত নিয়ে ছুটে যাওয়া একজন মানবিক সংগঠককে হারালাম। এ শোক কোনোভাবেই সইবার নয়। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি।’
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সুলতান বলেন, ‘খবর পেয়ে সোহাগের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ইকবাল মজনু/সাদিয়া নাহার/