লক্ষ্মীপুরে সুপারিবাগান থেকে মিনু বেগম (৪০) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৯টার দিকে সদর উপজেলার হামছাদি ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের মৃধাবাড়ির একটি সুপারিবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
মিনু বেগম নন্দনপুর গ্রামের মমিনের স্ত্রী ও দুই সন্তানের জননী। মমিন ঢাকায় একটি কোম্পানির গাড়িচালক।
মিনুর জা রেজিয়া বেগম ও বাড়ির লোকজন জানায়, মিনু বৃহস্পতিবার দুপুরে লাকড়ি সংগ্রহের জন্য বাড়ির পাশের মৃধাবাড়ির একটি সুপারিবাগানে যান। এরপর আর বাড়ি ফেরেননি। সন্ধ্যায় বাড়ির লোকজন পার্শ্ববর্তী ওই বাগানে গলাকাটা মরদেহটি দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে রাত সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, যে বাগানে মরদেহটি পাওয়া গেছে, সেটি একটি নির্জন বাগান। ওই বাগানে মাদকসেবী এবং জুয়াড়িদের আড্ডা বসে। তাদের হাতেই গৃহবধূ মিনু খুন হয়েছেন বলে ধারণা তাদের।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাসান মোস্তফা স্বপন বলেন, ‘খবর পেয়েই মরদেহ উদ্ধারের জন্য আমরা ঘটনাস্থলে আসি। তাকে হত্যা করা হয়েছে। তার হাত, গলাসহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আমরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। আশা করি দ্রুত হত্যাকাণ্ডের ক্লু উদ্ঘাটন করা সম্ভব হবে।’
মোহাম্মদ রফিকুল/ইসরাত চৈতী/