নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে শিমরাইল এলাকার একটি টিনসেড ঘর থেকে মোসা. সাবিনা আক্তার লাকি (৩৫) নামে এক নারীর গলাকাটা ও সিআইখোলা এলাকার ডিএনডি লেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।
সাবিনা আক্তার লাকি ঢাকার ওয়ারীর গোপীবাগের প্রয়াত শামসুল হকের মেয়ে।
পুলিশ জানায়, শিমরাইলে সড়ক ও জনপথ বিভাগের নারায়ণগঞ্জ কার্যালয়ের পাশে একটি টিনসেড ঘরে ভাড়া থাকতেন নিরব নামে এক যুবক। নিহত সাবিনা তার স্ত্রী পরিচয়ে এ ঘরটিতে প্রায় সময় থাকতেন। দুই-তিন দিন আগেও ওই নারী তার তিন শিশু সন্তানকে নিয়ে এ বাড়িতে আসেন।
নিহতের সন্তানদের ভাষ্যমতে, নিরব আনুমানিক ভোর পাঁচটার দিকে বাতি নষ্ট হয়ে গেছে বলে বাইরে থেকে ঘর বন্ধ করে চলে যায়, আর ফেরেনি। সকালে তাদের কান্নাকাটি শুনে স্থানীয়রা দরজা খুলে ভেতরে গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, “নিহত নারীর স্বামী মো. রুবেল ঢাকায় থাকেন। তাকে খবর দেওয়া হয়েছে। এ হত্যাকাণ্ডের পেছনে ‘পরকীয়া সম্পর্ক’ বলে ধারণা করা হচ্ছে। ওই ঘর থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়েছে।”
ওসি আরও জানান, নিরব পলাতক রয়েছে। তার বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। তার বাড়ি দক্ষিণাঞ্চলের দিকে বলে শুনছি। পেশায় সে একজন বাসচালক। তাকে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
অন্যদিকে, মাত্র এক কিলোমিটার দূরে লেক থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তার মৃত্যু অন্তত দুদিন আগে হয়েছে। মরদেহের চেহারা বিকৃত হয়ে গেছে। এটি হত্যাকাণ্ড কি-না তা জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বিল্লাল/রিফাত/