ফেনীর ছাগলনাইয়ায় কৃষি জমিতে মাটি কাটা নিয়ে সংঘর্ষে হোনা মিয়া (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন দুইজন।
শনিবার (১৪ মার্চ) রাত ৩টার দিকে উপজেলার কন্ট্রাক্টর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হোনা মিয়া উপজেলার পূর্ব শিলুয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি যুবদলের কর্মী বলে স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, স্থানীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনুর কড়া নির্দেশ উপেক্ষা করে দীর্ঘদিন ধরে কৃষিজমির মাটি কেটে নিয়ে যাচ্ছে একটি চক্র। প্রশাসন ও রাজনৈতিক নেতাদের কড়া পাহারাতেও তাদের ঠেকানো যাচ্ছিল না। গত কয়েকদিন ধরে উপজেলার পাঠাননগর ইউনিয়নের কন্ট্রাক্টর মসজিদ এলাকায় মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপির সমর্থকদের দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। রাতে ওই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। রাত ৩টার দিকে সংঘর্ষে গুরুতর আহত তিনজনকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হোনা মিয়াকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হচ্ছেন, পাঠাননগর ইউনিয়নের পূর্ব শিলুয়া গ্রামের জানে আলমের ছেলে আলা উদ্দিন সুজন (৩০) ও একই গ্রামের নূর আলম (৪০)।
স্থানীয় কামাল উদ্দিন জানান, জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে স্থানীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনু জমির মাটি কাটার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে নিজে উপস্থিত থেকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসছিলেন। কিন্তু বিএনপি, যুবদল ও ছাত্রদলের নামধারী কিছু ব্যক্তি প্রশাসনকে ম্যানেজ করে মাটি কেটে আসছিল। শনিবার রাতে সংঘর্ষে জড়িতদের প্রায় সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া দরকার।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, পূর্ব শিলুয়া গ্রামে মাটি কাটা নিয়ে গভীর রাতে দুটি পক্ষ সংঘর্ষে জড়ায়। ঘটনায় এক যুবক নিহত ও দুই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করা হয়েছে।
তোফায়েল আহাম্মদ/অন্তরা