চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বোগদাদ ও আইদি পরিবহনের শ্রমিকদের ওপর হামলার হামলার প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে চাঁদপুর-কুমিল্লা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা।
গতকাল বুধবার রাতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ।
এর প্রেক্ষিতে বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে এই রুটে আইদি ও বোগদাদন পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে।
হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে দেশের অন্য রুটের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
শ্রমিকদের দাবি, অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের আঁধারে হামলা চালিয়ে অন্তত ১৫টি বাস ভাঙচুর এবং প্রায় ১০ জন শ্রমিককে আহত করে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
চিকিৎসাধীন শ্রমিকরা জানান, স্কুলের মাঠে রাখা বাসে থাকা শ্রমিকদের ওপর হঠাৎ একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ সময় শ্রমিকদের মারধরের পাশাপাশি একের পর এক বাস ভাঙচুর করা হয়।
বোগদাদ পরিবহনের সুপারভাইজার ইউসুফ জানান, এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান খবরের কাগজকে জানান, ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি।
চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান বলেন, বিষয়টি প্রশাসন অবগত। খুব দ্রুত সব পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধান করা হবে।
ফয়েজ আহমেদ/অন্তরা