ঢাকা ১৯ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সর্বশেষ
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রিয়াদ মাহরেজ জার্মানি-নাগেলসম্যানের বিচ্ছেদ! পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ৪০ জাল যার-জল তার‌: প্রতিমন্ত্রী টুকু র‌্যাগিংয়ের দায়ে হাবিপ্রবির ৭২ শিক্ষার্থীকে শোকজ ফুটবলের উৎপত্তি প্রসঙ্গে আলাস্কার পাগল স্ল্যাকে১ ফুটবল খেলা চলছে উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষায় ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী টেড হিউজ ও মিরোস্লাভ হোলুবের কবিতা কৌতুকপ্রিয়তা আর সমাজ-নিরীক্ষণ প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালু করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী গ্রামে আমাদের বিশেষ আকর্ষণ ছিল পদ্মার নৌকাভ্রমণ খামেনির মরদেহ নেওয়া হয়েছে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় ৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া দেশে বন্যা হতে পারে জুলাই-আগস্টে: এফএফডব্লিউসি ‘আত্মতুষ্টি আপনাকে শেষ করে দিতে পারে’, অস্ট্রিয়াকে উড়িয়ে দেওয়ার পর স্পেন কোচ রস্তায় ফেলে যাওয়া বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু বাজেটের প্রভাবে স্থিতিশীল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম রংপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত ফরিদপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, দুই জনের মৃত্যু ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ, আশায় দীপ্যমান শেষ ষোলোতে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ কে? হাতিয়ায় নারীসহ যুবদল নেতা আটক, পদ থেকে বহিষ্কার ৮৮ বছরের খরা কাটিয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ড বাংলাদেশের পর্যটনশিল্প বিষয়ক প্রবন্ধ রচনা, ২য় পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণ ও রুপার দাম মাদারীপুরে শিক্ষকের ওপর হামলা, পঙ্গু হাসপাতালে ভর্তি চট্টগ্রাম ও সিলেটসহ দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস বিশ্বকাপের মঞ্চেই বিদায় বলবেন রোনালদো!

চট্টগ্রামের ইপিজেডে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা, ৩ শিশু উদ্ধার

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৭:০৭ পিএম
চট্টগ্রামের ইপিজেডে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা, ৩ শিশু উদ্ধার
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের ইপিজেড এলাকায় দুদিন ধরে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে রাষ্ট্রবিরোধী একটি সংঘবদ্ধ চক্র। এতে দফায় দফায় হামলা, মারধর, সরকারি অফিস-গাড়িতে অগ্নিসংযোগ ও সংঘর্ষের মতো ঘটনাও ঘটছে। এ ঘটনায় মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন তিন শিশু।

শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে নগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এণ্ড অপস) মো. রইছ উদ্দিন। এ সময় ওই তিন শিশুকেও হাজির করা হয়।

পুলিশ বলছে, দেশের শিল্পখাতের গুরুত্বপূর্ণ এলাকা ইপিজেড। তাই দুষ্কৃতকারীরা ইপিজেডকে বেছে নিয়েছে যাতে দেশের শিল্প খাতকে অস্থিতিশীল করে তুলে অচল করে দেওয়া যায়। এজন্য তারা গুজবের মাধ্যমে তিন শিশুকে জিম্মি করে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে।

মো. রইছ উদ্দিন জানান, গত ২২ জানুয়ারি চট্টগ্রামের ইপিজেডের শেলটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নির্মাণাধীন বিল্ডিংয়ের ভেতরে তিনজন শিশু ঢুকলে ওই শিশুগুলোকে মেরে ফেলা হয়েছে বলে গুজব ছড়িয়ে দেওয়া হয়।
এই গুজব শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে শ্রমিকেরা বিক্ষুদ্ধ হয়ে ওঠেন। যার ফলে ২৩ জানুয়ারি বিকেল পাঁচটার দিকে এবং পরবর্তীতে রাত আটটার দিকে ইপিজেড থানাধীন বিভিন্ন কারখানার ২০০ থেকে ২৫০ জন শ্রমিক শেলটেক ইঞ্জিনিয়ারিং নির্মাণাধীন বিল্ডিংয়ে ঢুকে কনস্ট্রাকশন শ্রমিকদের ঘর ও বিভিন্ন অফিস ভাঙচুর করে। এ সময় তারা সেখানে থাকা দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ ও বিভিন্ন বাহিনী রাত দশটার দিকে বিক্ষুদ্ধ শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ইপিজেড এলাকার পরিস্থিতি  স্বাভাবিক আছে।

তিনি আরও জানান, যেই তিনজন শিশুকে মেরে ফেলা হয়েছে বলে গুজব ছড়ানো হয়েছিল তাদেরকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। বর্তমানে তারা অভিভাবকেদের জিম্মায় আছে।

তিনজন শিশু হলো- রবিউল হাসান, মো. হাসান ও মো. সাগর। তাদের সবার বয়স ১০-১২। তারা মূলত নানাস্থান থেকে বিভিন্ন ধরণের ভাঙারি জিনিসপত্র কুড়িয়ে বিক্রি করে। ওইদিন ভোরে সেই ভবনে তারা বোতল, লোহার টুকরা, প্লাস্টিকের জিনিসপত্র কুড়াতে গিয়েছিল। 

শিশু রবিউল হাসান বলেন, আমাদের তিনজনের মধ্যে দুজনকে ছেড়ে দেওয়া হয়। আমি একটু বয়সে বড় হওয়াতে আমাকে কারখানাটির ভবনের ভেতরে নিয়ে অনেকক্ষণ রশি দিয়ে বেঁধে রাখে। হাত-পা বেঁধে ফেলায় আমি নড়তে চড়তে পারছিলাম না। এরপর স্থানীয়রা আমাকে উদ্ধার করে আনে।

মো. হাসান বলেন, ভোর ছয়টায় আমরা সেখানে বোতল কুড়াতে গেলে  তিনজন কালো কোর্ট পরা লোক আসে। তারা আমাদেরকে কিছু বোঝার আগেই মারধর শুরু করে। এমনকি মাথায় তুলে আছাড় দেয়। আর রবিউলকে নিয়ে চলে যায়।

সাগরের বাবা মো. সোহেল বলেন, তাদেরকে জবাই করে ভবন নির্মাণের পিলারের মধ্যে মাথা দিয়ে দেওয়া হয়েছে বলে গুজব ছড়ানো হয়েছে। কিন্তু পরে দেখা যায় তারা সুস্থ আছে। তাদেরকে ইপিজেডের শ্রমিকরা উদ্ধার করে।

সিএমপির উপ-পুলিশ কমিশনার মো. রইছ উদ্দিন বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের স্পষ্ট বার্তা হচ্ছে কোন রকম মিথ্যা প্রচারণা ও গুজবে কান দেওয়া যাবে না। রাষ্ট্রের ক্ষতি করা যাবে না, রাষ্ট্রের ক্ষতি মানে আমাদের সকলের ক্ষতি। ইপিজেড আমাদের সকলের সম্পদ। সুতরাং গুজবে কান দিয়ে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন না। দেশ ও রাষ্ট্রবিরোধী কিছু দুর্বৃত্ত চক্র যারা বিভিন্ন ধরনের মিথ্যা প্রচারনার মাধ্যমে শিল্পখাতকে অস্থিতিশীল করার পায়তারা করছে। আসুন আমরা সবাই মিলে তাদেরকে প্রতিহত করি। আমরা সকলে সুখে শান্তিতে বসবাস করি এবং রাষ্ট্র পুনর্গঠনে ব্রতী হই।

মেহেদী/

ভোলায় কলেজছাত্রকে হত্যা করে থানায় আত্মসমর্পণ

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:৩৬ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৩:৪২ পিএম
ভোলায় কলেজছাত্রকে হত্যা করে থানায় আত্মসমর্পণ
ছবি: খবরের কাগজ

ভোলার লালমোহন উপজেলায় মো. নয়ন (১৯) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত আব্দুল্লাহ আল মানিক (১৮) থানায় আত্মসমর্পণ করেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর দেড়টার দিকে ৫নং ওয়ার্ডের স্বনির্ভর রোড এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত নয়ন পৌরসভার ৯নং ওয়ার্ডের ট্রান্সপোর্ট ব্যবসায়ী মো. সালাউদ্দিনের ছেলে। তিনি ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, ঘটনার পর অভিযুক্ত আব্দুল্লাহ আল মানিক থানায় এসে আত্মসমর্পণ করেন। পরে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। তিনি লাঙ্গলখালী আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন খবরের কাগজকে বলেন, ‘এ ঘটনায় একজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।’

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এক সূত্রে জানা যায়, প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ইমতিয়াজুর রহমান/থিওটোনিয়াস/

বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইকে খুন

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০২:৪৮ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৩:০৭ পিএম
বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইকে খুন
অভিযুক্ত প্রধান আসামী পারভেজ আহমদকে গ্রেপ্তার করে পুলিশ।
সিলেটের জকিগঞ্জ উপজেলায় ফুটবল বিশ্বকাপের ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গোর মধ্যকার ম্যাচ চলাকালে চিৎকার করায় আপন চাচাতো ভাইকে ছুরিকাঘাতে খুন করেছেন এক যুবক।
 
বুধবার (১ জুলাই) রাত অনুমান ১১টা ৪৫ মিনিটে উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে আলম হোসেনকে (২৮) তার আপন চাচাতো ভাই পারভেজ আহমদ (৩২) চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান।
 
এই ঘটনায় পুলিশের অভিযানে হত্যাকাণ্ডের দুই ঘণ্টার মধ্যে আসামি পারভেজকে গ্রেপ্তার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করে। পারভেজ আহমদ মোস্তকিন আলীর ছেলে।

নিহত আলম হোসেন লামার গ্রামের ওয়ারিছ আলীর ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে পারভেজ ছুরি দিয়ে আলমকে বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যান। উপস্থিত লোকজন আহত আলমকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক খবরের কাগজকে বলেন, 'ফুটবল খেলা নিয়ে সামান্য চিৎকার করা থেকেই এই বিরোধের সূত্রপাত হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরে নিহতের বড় ভাই মো. জসিম উদ্দিন বাদী হয়ে খুনের মামলা করেন। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

শাকিলা ববি/আজহার/

লক্ষ্মীপুরে অস্ত্রসহ অপু গ্রুপের প্রধান গ্রেপ্তার

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:২২ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১২:৫৬ পিএম
লক্ষ্মীপুরে অস্ত্রসহ অপু গ্রুপের প্রধান গ্রেপ্তার
ছবিঃ খবরের কাগজ

কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় স্কুলছাত্র ইথান আহমেদের গুলিবিদ্ধের ঘটনায় অভিযুক্ত ‘অপু গ্রুপ’এর প্রধান আবু হানিফ অপুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১ জুলাই) লক্ষ্মীপুর জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

তার দেওয়া তথ্যের ভিত্তিতে জগন্নাথপুর এলাকা থেকে সংঘর্ষের দিন ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, গত ২৪ জুন কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে ২৫ জুন প্রকাশ্যে দুই পক্ষের মধ্যে সশস্ত্র সংঘর্ষ হয়। এ সময় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। 

ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে জড়িতদের গ্রেপ্তারে কুমিল্লা জেলা পুলিশ বিশেষ অভিযান শুরু করে।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে এর আগে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার এবং একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তবে ঘটনার মূল হোতা অপু আত্মগোপনে থাকায় তাকে গ্রেপ্তারে কিছুটা সময় লাগে। পরবর্তীতে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় লক্ষ্মীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

তিনি আরও বলেন, অপুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ২৫টি মামলা রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় তার বিরুদ্ধে পৃথক অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।

জহির শান্ত/অদিতি/

আদাবরে ‘বিশ্বকাপ খেলা নিয়ে দ্বন্দ্বে’ বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:৩০ এএম
আদাবরে ‘বিশ্বকাপ খেলা নিয়ে দ্বন্দ্বে’ বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
আবুল বাশার বাদশা

রাজধানীর আদাবরে ফুটবল বিশ্বকাপের খেলা দেখা ও জয় উদযাপনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে সালিসি বৈঠকে হামলায় আবুল বাশার বাদশা নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে আদাবরের নবোদয় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আবুল বাশার বাদশা নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পেশায় প্রাইভেটকারচালক ছিলেন এবং তার গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৯ জুন ব্রাজিল–জাপান ম্যাচের পর জয় উদযাপন, ঢোল বাজানো ও বাঁশি ফুঁকানোকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। ওই ঘটনার জেরে আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমানের সঙ্গে নিরব ও রিপনদের বিরোধ তৈরি হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য বুধবার রাতে নবোদয় বাজারে সালিসি বৈঠক ডাকা হয়।

অভিযোগ, বৈঠক চলাকালে বা বৈঠক শেষে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে সাদ্দাম হোসেন ও আবুল বাশার বাদশা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে বাশারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, হামলায় জড়িতদের মধ্যে রিপন, নিরব, পারভেজ ও মাসুম রয়েছেন। তাদের স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য বলেও অভিযোগ করা হচ্ছে। তবে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার বিভিন্ন পক্ষের বক্তব্য যাচাই করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

অমিয়/

টঙ্গীতে অস্ত্র নিয়ে মোটরসাইকেল মহড়া, গ্রেপ্তার ৩

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১০:১৩ পিএম
টঙ্গীতে অস্ত্র নিয়ে মোটরসাইকেল মহড়া, গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে অস্ত্র উঁচিয়ে কয়েকশত মোটরসাইকেলের মহড়ায় অংশগ্রহণকারী তিনজনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসময় মহড়ায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

বুধবার (১ জুলাই) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন, টঙ্গীর পাগার এলাকার মো. মানোয়ার হোসেন (২৮), একই এলাকার কাজী তৌহিদুল ইসলাম সজিব (৩৫) ও আমতলী কেরানীরটেক এলাকার রনি খা (৩৯)।

পুলিশ জানায়, গত ২৮ জুন টঙ্গীর পাগার আলেরটেক এলাকায় ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেড কারখানার ঝুট দখল করতে শতাধিক মোটরসাইকেলের মধ্যে অস্ত্রের মহড়া দেয় একদল দুর্বৃত্ত। মহড়াকালীন সময়ে কারখানাটির উপস্থিত ছিলেন বিদেশি কয়েকজন ক্রেতা।

এ ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তার করা হয় তাদের। অন্যান্যদের গ্রেপ্তারেও বিভিন্ন স্থানে অভিযান চলছে।

জানা যায়, ২৮ জুন বেলা ১১টার দিকে টঙ্গী শিল্পাঞ্চলের পাগার এলাকায় ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডে কয়েকশত মোটরসাইকেল মহড়া দিয়ে কারখানার সামনে অবস্থান নেয়। এরপর ১০ জনের একটি প্রতিনিধি দল ভেতরে গিয়ে নিজেদেরকে ‘সিটি প্রশাসকের লোক’ দাবি করে কারখানার এডমিন অফিসার আল আমিনকে তাদের অনুমতি ছাড়া ঝুট না দেয়ার নির্দেশ দিয়ে চলে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে ওই মহড়ায় অংশগ্রহণকারী ও গডফাদারদের আইনের আওতায় আনতে অভিযান শুরু করা হয়েছে। মঙ্গলবার (৩০জুন) মহড়ায় অংশগ্রহণকারী তিনজনকে গ্রেপ্তার ও মহড়ায় ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

পলাশ/এএফ