ঢাকা ১৭ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০১ জুলাই ২০২৬

সর্বশেষ
জন্মহার বাড়াতে মা-বাবার জন্য অতিরিক্ত ছুটি চালু করল ফ্রান্স ভুয়া ইঞ্জিনিয়ার সেজে মোবাইল টাওয়ারে ডাকাতির ছক, গ্রেপ্তার ৪ টেকনাফে জেলের জালে মিলল ৫ কোটি ১০ লাখ টাকা মূল্যের ইয়াবা ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে : ট্রাম্প চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায় ৮১৪৭১ কোটি টাকা, প্রবৃদ্ধি ১২.৩৭ শতাংশ আখাউড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ জয়পুরহাটে প্রায় ৫৩ লাখ টাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ ধ্বংস রেমিট্যান্সে নতুন রেকর্ড, এক বছরে ৩৫.৫৬ বিলিয়ন ডলার চীন-উত্তর কোরিয়া সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ঘোষণা কিম জং উনের সিলেটে ধর্ষণ মামলার ১৪ বছর পর আসামিদের মৃত্যুদণ্ড দিলেন আদালত নোবিপ্রবির সঙ্গে জাপানের শিজুওকা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর টাঙ্গাইলে নিখোঁজ ব্যক্তির মরদেহ মিলল পাটখেতে নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন, পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত ইউআইইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের উদ্যোগে ‘নেক্সাস সেমিনার সিরিজ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন বর্ণাঢ্য আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন যেভাবে চিনবেন একজন অহংকারী মানুষকে বখাটেদের ছত্রভঙ্গ ও ফুটপাত দখলমুক্তে ডিএসসিসির অভিযান মন্ত্রীত্ব হারিয়েও উষ্ণ অভ্যর্থনায় দীপেন দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ছয়জন সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারত্ব ও নৈতিক মান বজায় রাখার আহ্বান রাষ্ট্রপতির কেঁচো: মাটির নীরব শ্রমিক, কৃষির অদৃশ্য নায়ক চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা রোটারি ইন্টারন্যাশনালের বর্ষবরণ উপলক্ষ্যে কুমিল্লায় বর্ণাঢ্য র‍্যালি ফাইন্যান্স এশিয়ার তিন পুরস্কার পেল আইডিএলসি ইনভেস্টমেন্টস বালুর নিচে মিলল বিদেশি মদের মজুত, আটক বাড়ির মালিক Golden Touch বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ৬ষ্ঠ পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের আহ্বান চট্টগ্রাম চেম্বার সভাপতির নোয়াখালীতে মডেল মসজিদের খতিবের মরদেহ উদ্ধার জন্মদিনে ভালোবাসা আর শুভেচ্ছায় সিক্ত জয়া আহসান ধামরাইয়ে মালচিং পদ্ধতিতে চাষাবাদে ভাগ্য বদল কৃষকের

বিষোদ্গারের রাজনীতি নির্বাচনি প্রচার হতে হবে গণমুখী

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ পিএম
নির্বাচনি প্রচার হতে হবে গণমুখী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচার চলছে। প্রার্থীরা একে অপরকে নিশানা করে উত্তপ্ত বাক্যবিনিময় করছেন। কখনো একে অপরের কর্মকাণ্ড ও রাজনৈতিক ইতিহাস নিয়ে তির্যক ভাষায় আক্রমণ করে প্রচার চালিয়ে যাচ্ছেন। তবে ভোটারদের স্বার্থ, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বেশির ভাগ প্রার্থী বিস্তারিত কোনো পরিকল্পনা উপস্থাপন করতে পারছেন না। তারা গণমানুষের জন্য স্পষ্ট কর্মসূচি বা বাস্তবসম্মত প্রতিশ্রুতি দিয়ে কথা বলছেন না। এতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি বাড়ছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে সব রাজনৈতিক দলকে নির্বাচনি আচরণবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রার্থীদের জনগণের প্রকৃত সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে বেশি মনোযোগ দিতে হবে। নির্বাচনি প্রচারে পরস্পরবিরোধী ও অসংলগ্ন বক্তব্যের প্রবণতা বেড়ে যাওয়ায় সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 নির্বাচনি প্রচারে নেতাদের একে অপরকে দোষারোপ করা এবং উদ্দেশ্যমূলকভাবে অতীতের ঘটনাকে সামনে নিয়ে আসা ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেক ভোটার মনে করছেন, এ ধরনের আক্রমণাত্মক বক্তব্য জনগণের প্রত্যাশার বিপরীত। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর মানুষ প্রত্যাশা করেছিল একটি বৈষম্যমুক্ত সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার। আরও প্রত্যাশা করেছিল, রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে জমে থাকা দুর্নীতি, অব্যবস্থাপনা সমূলে উৎপাটন করে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অন্তর্বর্তী সরকার একটি ভালো ভূমিকা রাখতে সক্ষম হবে। কিন্তু সে ক্ষেত্রেও সরকার খুব একটা সফল হতে পারেনি। গণমানুষের প্রত্যাশা এখন একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর। অন্তর্বর্তী সরকার সে লক্ষ্যে কাজ করে চলেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কিন্তু প্রচারের নামে প্রার্থীদের মধ্যে দেখা যাচ্ছে বিষোদ্গারের রাজনীতি করার এক অপসংস্কৃতি; যা নোংরা রাজনীতির একটি বৈশিষ্ট্য। প্রায় ক্ষেত্রেই লক্ষ করা যাচ্ছে, বক্তব্যে গণমানুষের কথা নেই, শুধুই আছে এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ করার প্রবণতা। অনেক ভোটার মনে করছেন, এ ধরনের আক্রমণাত্মক বক্তব্য জনগণ পছন্দ করছে না।

 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী খবরের কাগজকে বলেন, কিছু প্রার্থী নিজেদের বক্তব্য দিয়ে সীমা ছাড়িয়ে যাচ্ছেন। এটি কেবল নির্বাচনি প্রচারবিধির লঙ্ঘন নয়, বরং ভোটারদের মধ্যে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করছে। হেভিওয়েট প্রার্থীরাই সাধারণত এমন আচরণ করছেন। বিভিন্ন দলের কর্মীরা এই উত্তেজনায় প্রভাবিত হয়ে একে অপরকে আক্রমণ করতে পারেন। যদি কর্মীরা সহনশীল থাকেন, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কিন্তু উসকানিমূলক ও অশ্লীল বক্তব্য ভোটের পরিবেশকে অস্থিতিশীল করছে। প্রার্থীদের উচিত, নিজেদের বক্তব্যের মাধ্যমে ভীতি ও বিভ্রান্তি না সৃষ্টি করা। ভোটারদের সচেতন করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে মজবুত করা।

 প্রার্থীদের ব্যক্তিগত আক্রমণে নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা থেকে যায়। সে জন্য এ ধরনের বিষোদ্গারের রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে প্রার্থীদের। আচরণবিধি লঙ্ঘন হয়- এমন ধরনের কার্যকলাপ থেকে দূরে থাকতে হবে। ইতিবাচক ও গঠনমূলক সমালোচনা করতে হবে, যাতে করে দেশ ও দশের মঙ্গল হয়। নির্বাচন কমিশনকে এ ব্যাপারে শক্ত ভূমিকা পালন করতে হবে। প্রত্যাশা করছি, প্রার্থীরা বিষোদ্গারের রাজনীতি পরিহার করে গণমানুষের কথা মাথায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে গণতান্ত্রিক সংস্কৃতির এক উদার পথ তৈরি করবেন।

রাজস্ব আদায়ে ঘাটতি এনবিআরের সক্ষমতা বাড়াতে হবে

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৩:১১ পিএম
এনবিআরের সক্ষমতা বাড়াতে হবে

বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে মন্দাবস্থা চলছে, যার নেতিবাচক প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে পড়েছে। এরই মধ্যে চলতি অর্থবছরে রাজস্ব আদায়ে রেকর্ড ঘাটতি দেখা দিয়েছে। এতে অসন্তুষ্ট আন্তর্জাতিক সংস্থা আইএমএফ। এনবিআরের কাছে ঘাটতির কারণ জানতে চেয়েছে সংস্থাটি। রাজস্ব আদায়ের এ ঘাটতিতে ঋণচুক্তি নিয়ে নতুন করে দর-কষাকষি শুরু করতে পারে আইএমএফ–এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী মাসের মাঝামাঝি আইএমএফের একটি প্রাক-মিশন ঢাকা সফরে আসবে। সম্ভাব্য নতুন ঋণ কর্মসূচির আকার নিয়ে আলোচনা হবে। নতুন আলোচনায় রাজস্ব আহরণ বৃদ্ধি, ভ্যাট সংস্কার, করছাড় কমানো এবং কর প্রশাসনের আধুনিকায়ন গুরুত্ব পাবে।  গত সোমবার জাতীয় সংসদে বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার আইএমএফের সঙ্গে আলোচনায় ব্যর্থ হয়নি; বরং পূর্ববর্তী সরকার এমন কিছু শর্তে ঋণ নিতে সম্মত হয়েছিল, যা জনগণের স্বার্থের পরিপন্থি ছিল। এ কারণে বর্তমান সরকার ওই কর্মসূচি থেকে সরে এসে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে আইএমএফের শর্ত মেনে সরকারকে এ ঋণ নিতে হবে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করা হবে অন্যতম শর্ত।

বিশেষজ্ঞরা বলছেন, দেশের রাজস্ব আদায় পরিস্থিতি খুব একটা সন্তোষজনক পর্যায়ে নেই। রাজস্ব জিডিপির হার আগের থেকে কমেছে। চলতি অর্থবছর শেষে ঘাটতি দাঁড়াতে পারে ৮৮ হাজার কোটি টাকা। আইএমএফ দীর্ঘদিন ধরে বাংলাদেশের নিম্ন রাজস্ব-জিডিপি অনুপাতকে বড় দুর্বলতা হিসেবে চিহ্নিত করে আসছে। ভবিষ্যতে ঋণচুক্তি নিয়ে সংস্থাটি আরও কঠোর হতে পারে। 
চলতি ২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৫ লাখ ৩ হাজার কোটি টাকা। এনবিআরের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুসারে, চলতি অর্থবছরের গত ১১ মাসে ৪ লাখ ৪২ হাজার ৮৪ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থাকলেও আদায় হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা। গত ১১ মাসে রাজস্ব ঘাটতি ৮১ হাজার ৪৪২ কোটি টাকা, ঘাটতির হার ১৮ দশমিক ৪২ শতাংশ। 
লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে এনবিআরকে শেষ মাসে (জুন) চলতি অর্থবছরের গত ১১ মাসে আদায় করা রাজস্বের প্রায় ৪০ শতাংশ আয় করতে হবে, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ২৪১ শতাংশ বেশি। চলতি জুনে আরও ১ লাখ ৪২ হাজার ৩৫৮ কোটি টাকার রাজস্ব আদায় করার কথা থাকলেও এনবিআর তা পারেনি। জুনের প্রথম ২০ দিনে ২৯ হাজার ৩১১ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে। সে হিসাবে ২০ জুন পর্যন্ত রাজস্ব আয়ের পরিমাণ দাঁড়ায় ৩ লাখ ৮৯ হাজার ৯৫৩ কোটি টাকা। গত ২৯ জুন পর্যন্ত আদায়ের পর সাময়িক হিসাবে ঘাটতি প্রায় ৯০ হাজার কোটি টাকা।

এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মো. আবদুল মজিদ খবরের কাগজকে বলেন, রাজনৈতিক পটপরিবর্তন, সামষ্টিক অর্থনীতির পুনর্গঠন, চরম মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগের নেতিবাচক ধারা এবং বৈশ্বিক অনিশ্চয়তার কারণে রাজস্ব আদায়ে ধস দেখা দিয়েছে। এ ছাড়া লক্ষ্যমাত্রা বাড়ালেও আদায়কারী প্রতিষ্ঠান হিসেবে এনবিআরের সক্ষমতা বাড়ানো হয়নি। এমন অবস্থায় আগামী অর্থবছরেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। এ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না বলে আশঙ্কা করছি। অর্থনীতির এই বিশ্লেষক আরও বলেন, ১১ মাসের মতো শেষ মাসে অর্থাৎ জুনে ১০ শতাংশ রাজস্ব আদায় বেশি হলেও রাজস্ব ঘাটতি থাকবে প্রায় ১ লাখ কোটি টাকার কাছাকাছি।

দেশে রাজস্ব আদায়ের জন্য বাস্তবভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ জরুরি। সাধারণত এনবিআর তিনটি খাত থেকে রাজস্ব আদায় করে থাকে। এগুলো হলো আমদানি শুল্ক, ভ্যাট ও আয়কর। এগুলো নিয়মিত পরিসরে আদায়ের পাশাপাশি বিভিন্নভাবে জরিমানা আদায়ের মাধ্যমে রাজস্ব আয় করে থাকে। বর্তমান লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে এনবিআরকে আরও আধুনিকায়ন করতে হবে। এক কথায় এনবিআরকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষমতা অর্জন করতে হবে। বর্তমান এনবিআরের যে জনবল এবং দক্ষতার অভাব রয়েছে, সে বিষয়ে সরকারকে মনোযোগ দিতে হবে। কর ব্যবস্থাপনা নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে। অর্থনীতিবিদদের সুচিন্তিত মতামত ও পরামর্শ বিবেচনায় নেওয়া যেতে পারে। দেশের অর্থনীতিকে গতিশীল করতে রাজস্ব আদায়ের ঘাটতি কমিয়ে আনা জরুরি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি অপরাধ থামাতে পুলিশকে কঠোর হতে হবে

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০১:১৭ পিএম
অপরাধ থামাতে পুলিশকে কঠোর হতে হবে

দেশে অপরাধ নিয়ন্ত্রণে গতি না থাকায় খুন, জখম, অপহরণ, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ আশঙ্কাজনক হারে বেড়েছে। রাজধানী ঢাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা, জনসমক্ষে ছিনতাইয়ের ঘটনা প্রায়ই ঘটছে। শুধু পেশাদার অপরাধী বা আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসীদের মধ্যে এসব সীমাবদ্ধ নয়, বরং সামাজিক ও রাজনৈতিক কোন্দল এবং অস্থিরতার কারণেও এ ধরনের নৃশংস ও নির্মম ঘটনা প্রতিনিয়ত ঘটছে। দেশে সাম্প্রতিক ঘটনাগুলো বিশ্লেষণ করে স্পষ্ট ধারণা পাওয়া যায়, প্রায় সব ধরনের অপরাধী এখন অনেকটা আক্রমণাত্মক হয়ে উঠেছে। আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রের ব্যবহার বেড়েছে। প্রকাশ্যে খুন-জখম করতেও তারা দ্বিধা করছে না। আসামি ধরতে গিয়ে প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরা। কে কখন কোথায় কীভাবে এ ধরনের বিপদের সম্মুখীন হবেন, সেই দুশ্চিন্তা তাড়া করছে রাজধানীবাসীসহ শহর-নগরাঞ্চলের মানুষকে। মাঠপর্যায়ে কিছু আসামি গ্রেপ্তার হলেও পেশাদার সন্ত্রাসী চক্র পুলিশের ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। আবার অনেক আসামি জামিনে বেরিয়ে আবার অপরাধে যুক্ত হওয়ার তথ্যও পাওয়া যাচ্ছে। ফলে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সাধারণ মানুষের জন্য চরম উদ্বেগ ও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

পুলিশের মধ্যে একধরনের শৈথিল্য ভাব আর এর সুযোগ নিচ্ছে অপরাধীরা। সামাজিক অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, কোনো ঘটনা গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত না হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় হয় না। ফলে পুলিশের তালিকাভুক্ত অপরাধী চক্র একের পর এক ঘটনা ঘটানোর সুযোগ পাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায়, কোনো একটা অপরাধের ঘটনা ঘটলে মূল পরিকল্পনাকারী বা নির্দেশদাতাদের আইনের আওতায় আনা সম্ভব হয় না। অনেক সময় মূল পরিকল্পনাকারীরা দেশের বাইরে অবস্থান করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মাঠপর্যায়ে হত্যাকাণ্ড বাস্তবায়ন করলেও নির্দেশদাতাদের বিরুদ্ধে আদালতে উপস্থাপনের মতো পর্যাপ্ত পরিমাণে তথ্য-উপাত্ত সংগ্রহ করা যায় না। ফলে মূল নির্দেশদাতারা আড়ালেই থেকে যায়।

পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, গত পাঁচ মাসে সারা দেশে খুন হয়েছেন ১ হাজার ৪৪৪ জন। অপহরণের ঘটনা ঘটেছে ৪৩৭টি। নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৭ হাজার ৯১০টি। ২৬৮ জন পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। 
মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্যমতে, জানুয়ারি থেকে মে পর্যন্ত সারা দেশে রাজনৈতিক হত্যার শিকার হয়েছেন ৫৫ জন, আহত হয়েছেন ২ হাজার ৬৩৬ জন। নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন ২৩৯ জন। এর মধ্যে দলবদ্ধ ধর্ষণের শিকার হন ৬৮ জন ও ধর্ষণের শিকার হন ২৭১ জন। ধর্ষণসংশ্লিষ্ট হত্যাকাণ্ড ঘটে ২৮টি এবং ধর্ষণচেষ্টার শিকার হন ৮৫ জন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক খবরের কাগজকে বলেন, সমাজে অপরাধপ্রবণতা বাড়ার নেপথ্যে সাধারণত বাহিনীর শিথিলতা বা দুর্বল তৎপরতার বিষয়গুলোই সামনে আসে। যদিও সেখানে রাজনৈতিক ও সামাজিক নানা প্রেক্ষাপটের দায় থাকে। তবে অভ্যুত্থান-পরবর্তী সময়ে অপরাধীদের বেপরোয়া কর্মকাণ্ড নিঃসন্দেহে উদ্বেগজনক। এ সময় পুলিশও একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে কাজ করে গেছে। সেদিক থেকে কিছুটা নেতিবাচক প্রভাবও পুলিশকে নানাভাবে বাধাগ্রস্ত করেছে বা করছে। দেশে রাজনৈতিক সরকার ক্ষমতায় রয়েছে। তাই পুলিশকে অপরাধ দমনে শক্তভাবে হাল ধরতে হবে। পেশাদারত্বের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখতে হবে। আইনের মধ্য থেকে যেখানে যে ধরনের পদক্ষেপ প্রয়োজন, ঠিক তেমনটাই করতে হবে। 
আইনশৃঙ্খলা পরিস্থিতির শিথিলতায় দেশে অপরাধ থামছে না। পুলিশের মধ্যে সমন্বয়হীনতা, তদারকি ও জবাবদিহির ঘাটতি রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নেতৃত্বকে আরও সক্রিয় করতে হবে। পেশাদার অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। আশা করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অপরাধ থামাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

ত্রিদেশীয় অর্থনৈতিক করিডরের প্রস্তাব দেশের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখুন

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১১:৪১ এএম
দেশের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি নতুন ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে কৌশলগত সম্পর্কের এক নতুন মাত্রা যোগ করেছে। এ সফরে যেসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে, তা বাস্তবায়ন হলে ঢাকা-বেইজিং সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রীর চীন সফরের যৌথ ঘোষণায় দুই দেশের মধ্যে পররাষ্ট্র ও প্রতিরক্ষা খাতে ‘টু প্লাস টু’ কৌশলগত সংলাপ চালুর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এর মাধ্যমে নতুন ভূ-রাজনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও বাড়বে।  তবে এই সফরের সবচেয়ে বড় আলোচ্য বিষয় বেইজিংয়ের ডিরেক্ট কানেকটিভিটি বা সরাসরি সংযোগের প্রস্তাব। বাংলাদেশ থেকে মায়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডর গড়ে তুলতে চায় বেইজিং। এই করিডরের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ব্যাপ্তি বাড়ানো এবং বহুমুখী পরিবহনব্যবস্থাকে আরও উন্নত ও কার্যকর করা। এটি সফলভাবে বাস্তবায়ন হলে দেশগুলোর মধ্যে আমদানি-রপ্তানি ব্যয় ও সময় কমবে।

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাও রয়েছে। এই সফরের ফলে সেই সহযোগিতাগুলো নতুন মাত্রা পাবে। নতুন নতুন ক্ষেত্রে আরও সহযোগিতার সম্ভাবনা বাড়বে। বাণিজ্য, বিনিয়োগ, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি এবং সামরিক খাতে সহযোগিতা বৃদ্ধিতে চীনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ উদ্যোগের আওতায় দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠার আলোচনার পাশাপাশি রোহিঙ্গা সংকটের সমাধানে মায়ানমারকে আলোচনায় আনতে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে চীন। মায়ানমারের ওপর দিয়ে এই সংযোগ তৈরি হলে বাংলাদেশ সরাসরি যুক্ত হবে চীনের মূল অর্থনীতি এবং আসিয়ান জোটের শক্তিশালী বাজারগুলোর সঙ্গে।

চীন-মায়ানমার-বাংলাদেশ ইকোনমিক করিডর প্রস্তাবের বিষয়ে কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এটি এক বৃহৎ কানেকটিভিটি। অর্থনৈতিক কানেকটিভিটিকে কাজে লাগানোর উপায় নিয়ে আগে থেকে ভাবতে হবে। এর সঙ্গে মায়ানমারের রাখাইনের অর্থনৈতিক উন্নয়নও জড়িত। এটি হলে রোহিঙ্গা প্রত্যাবাসন সহজ হতে পারে।

প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ খবরের কাগজকে বলেন, সফরে যেসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে, সেগুলো যদি বাস্তবায়ন করতে পারে সরকার, তাহলে সফরকে ইতিবাচক বলা যাবে। আর যদি অন্য পরাশক্তির চাপে বাস্তবায়ন না করতে পারে, তাহলে সফরকে ইতিবাচক বলার সুযোগ নেই। এখানে চীন দেখার চেষ্টা করছে, বাংলাদেশ সরকার এসব চুক্তি বাস্তবায়ন করতে কতটা সক্ষম। বাংলাদেশ সরকার যদি সেই সক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাহলে ঢাকা-বেইজিং সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক এই সফর কতটা সফল বা ব্যর্থ, তা নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল রয়েছে; তেমনি বিশেষজ্ঞ পর্যায়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। এই সফরে ঢাকা-বেইজিং কতটা কাছাকাছি এল বা যুক্তরাষ্ট্র ও ভারতের জন্য কতটা চিন্তার কারণ হলো, তা নিয়েও চলছে নানা জল্পনাকল্পনা। বাংলাদেশকে এ নিয়ে নেতৃত্বের দক্ষতা ও সক্ষমতার পরীক্ষায়ও উত্তীর্ণ হতে হবে। দেশের উন্নয়নের স্বার্থে ত্রিদেশীয় অর্থনৈতিক করিডরের প্রস্তাব নিয়ে আরও বিস্তারিত আলোচনা চলতে পারে। এ ক্ষেত্রে নিরাপত্তা বিশ্লেষক, কূটনীতিবিদ ও অর্থনীতিবিদদের পরামর্শ কাজে লাগানো যেতে পারে। সার্কভুক্ত দেশগুলোর সঙ্গেও অর্থনৈতিক করিডর নিয়ে আলোচনা করতে পারে সরকার। ইতোপূর্বে ভারতের করিডর ব্যবহার করে নেপালে পণ্য পরিবহনের ইস্যু নিয়ে আলোচনা হয়েছিল। সে বিষয়টিও বিবেচনায় নেওয়া যেতে পারে। প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে তাদের সমন্বিত কৌশলগত অংশীদারত্ব আরও দৃঢ় হোক, সেটিই প্রত্যাশা।

ছড়িয়ে পড়ছে ডেঙ্গু আগাম প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপ কাম্য

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১২:০১ পিএম
আগাম প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপ কাম্য

বর্ষা মৌসুম শুরু হয়েছে, সেই সঙ্গে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চলতি বছর দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮টিতে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বিষয়টি খুবই শঙ্কার। আগাম প্রস্তুতি না নিলে সারা দেশে এর প্রকোপ বেড়ে যেতে পারে। প্রকৃতিতে রোদ-বৃষ্টি আর উষ্ণায়নের কারণেই দীর্ঘ হচ্ছে ডেঙ্গুর প্রজননের সময়। এ সময়টাতে বৃষ্টি বেশি হওয়ায় এডিসের লার্ভা জন্মায় এবং এডিস মশায় আক্রান্ত ডেঙ্গু রোগের ঝুঁকিও বাড়ে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ডেঙ্গু প্রতিরোধের ওপর কাজ শুরু করেছে। প্রতিষ্ঠান বা বাড়ি পরিদর্শন করে এডিস মশার লার্ভা শনাক্ত করার জন্য সরকার ভ্রাম্যমাণ আদালত গঠন করেছে। উপজেলা হাসপাতালগুলোতে ডেঙ্গু কর্নার স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মাঠে একটি ‘ফিল্ড হাসপাতাল’ তৈরি রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, প্রয়োজনে কার্যক্রম আরও বাড়ানো হবে। ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ ও সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সিডিসি, আইইডিসিআর, এমআইএস ও হাসপাতাল শাখার পরিচালকদের নিয়ে একটি সেল গঠন করা হয়েছে।

সাধারণত এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত এই মাসগুলোতে ডেঙ্গু রোগী বেশি হয়। অক্টোবরের দিকে এসে এটি কমতে থাকে। তবে এখন ডেঙ্গু শুধু মৌসুমের রোগ নয়, এটি সারা বছরের একটি রোগ। জনস্বাস্থ্যবিদদের ধারণা, বর্ষা শেষ হওয়ার এক-দেড় মাস পর্যন্ত ডেঙ্গু বাড়তে পারে। সাধারণত জুলাই-আগস্ট মাসে ডেঙ্গু ‘পিকে’ থাকে বা সবচেয়ে বেশি সংক্রমণ দেখা দেয়। তবে সরকার জোরালো কোনো কর্মসূচি না নিলে ডেঙ্গুর প্রকোপ অক্টোবরের পরও প্রলম্বিত হতে পারে। এডিস মশার ডিম পাড়ার জায়গাগুলো ধ্বংস করতে হবে। ডেঙ্গু এখন শুধু শহরে সীমাবদ্ধ নয়, গ্রাম পর্যায়েও ছড়িয়ে পড়েছে। সম্প্রতি বরিশাল বিভাগের জেলাগুলোতে ডেঙ্গু রোগী বেশি দেখা যাচ্ছে। একসময় ডেঙ্গু রোগী শনাক্ত হতো শুধু রাজধানী ঢাকাতেই। সময়ের সঙ্গে সঙ্গে এ সংক্রমণের দেশব্যাপী বিস্তার ঘটেছে। 
জুনের প্রথম সপ্তাহের তথ্যে বলা হচ্ছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩টিতেই এডিস মশার ঘনত্ব নির্ধারিত সূচকের চেয়ে বেশি ছিল। এর মধ্যে ২৭টি ওয়ার্ড ডেঙ্গুর জন্য ‘চরম ঝুঁকিপূর্ণ’।

মশা বৃদ্ধির উপযুক্ত পরিবেশ মশার ভাইরাস বিস্তারের অনুঘটক হিসেবে কাজ করে। তাই মশার বংশবিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দরকার। ডেঙ্গুর চিকিৎসা দেরিতে হলেও প্লাটিলেট কমে যায় এবং মৃত্যুঝুঁকি বাড়ে। তাই ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুঝুঁকি কমানোর একমাত্র উপায় মশার বংশবিস্তার রোধ করা। এ ক্ষেত্রে কীটতত্ত্ববিদদের পরামর্শ কাজে লাগাতে হবে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নাগরিকদেরও সম্পৃক্ত করতে হবে। জেলা বা গ্রাম পর্যায় থেকে যারা রাজধানী ঢাকায় ডেঙ্গু চিকিৎসা নিতে আসেন, অনেক সময় চিকিৎসা ব্যয় বহন করতে পরিবারগুলোকে হিমশিম খেতে হয়। বেশি সংক্রমণ এলাকায় জেলা এবং উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখতে হবে; যাতে রাজধানীর হাসপাতালগুলোর ওপর চাপ না পড়ে। এডিস মশা নিয়ন্ত্রণ ও চিকিৎসায় সিটি করপোরেশন ও স্থানীয় সরকারগুলোর জনসম্পৃক্ততা বাড়িয়ে একটি বিজ্ঞানভিত্তিক ও কার্যকর সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা এখন বেশি গুরুত্বপূর্ণ। আশা করি, সরকার এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবে।

পণ্যের মান ও বৈচিত্র্যকরণে পদক্ষেপ নিন বাংলাদেশ-চীন বাণিজ্যঘাটতি

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১০:৫৭ এএম
বাংলাদেশ-চীন বাণিজ্যঘাটতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরের অংশ হিসেবে মালয়েশিয়া ও চীন সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে এ সফরের গুরুত্ব ও তাৎপর্য বহুমাত্রিক। এর মাধ্যমে বিএনপি সরকার একরৌখিক পররাষ্ট্রনীতি থেকে বের হয়ে একটি ভারসাম্যপূর্ণ কূটনীতির পথে চলতে শুরু করেছে। ভূ-রাজনীতি ও অর্থনীতির নতুন সমীকরণে সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জ সামনে এসেছে। প্রধানমন্ত্রীর এ সফর বাংলাদেশ চীনের সরাসরি বিনিয়োগ আকর্ষণের ওপর জোর দিচ্ছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ইতোমধ্যে চীনে তাদের প্রথম বৈদেশিক অফিস খোলার ঘোষণা দিয়েছে। বাংলাদেশের ব্যবসায়ী, বিনিয়োগকারী, রপ্তানিকারক, প্রবাসী বাংলাদেশি, অর্থনীতির বিশ্লেষকসহ অনেকে এ সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় সবাই চীনের সঙ্গে অর্থনৈতিকভাবে কাজ করতে চায়। বাংলাদেশ যদি একটি অনুকূল পরিবেশ তৈরি করতে পারে, তাহলে বড় ধরনের চীনা বিনিয়োগ এ দেশে আনা সম্ভব হবে। 

চীন সফরকে সামনে রেখে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে চীন ৯৮ শতাংশেরও বেশি বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে। এ সুবিধার আওতায় এসব পণ্য চীনে রপ্তানির পরিমাণ বহু গুণ বাড়ানোর সুযোগ রয়েছে। বাংলাদেশে চীনা বিনিয়োগকারীদের কারখানা স্থাপনে উৎসাহিত করতে হবে। চীনা বিনিয়োগ বাড়ানো গেলে উৎপাদিত পণ্য চীনে রপ্তানি করে ঘাটতি কমানো সম্ভব। 

শিল্প, ব্যবসা-বাণিজ্যে চীন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র। বাংলাদেশের সঙ্গেও দেশটির বহুমুখী বাণিজ্য সম্পর্ক রয়েছে। চীনের সঙ্গে সম্পর্ক ইতিবাচক হলেও বাংলাদেশের বাণিজ্যঘাটতি থেমে নেই। এ ঘাটতি প্রতিনিয়তই বাড়ছে। তাই সংশ্লিষ্টরা বলছেন, ঘাটতি কমাতে চীন থেকে আমদানি কমিয়ে রপ্তানি বাড়াতে হবে। তথ্য মতে, বর্তমানে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ১৯ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ থেকে চীনের রপ্তানি প্রায় ১ বিলিয়ন ডলারের, বিপরীতে চীন থেকে আমদানি ১৮ বিলিয়ন ডলারেরও বেশি। এই বিশাল বাণিজ্যঘাটতি কমাতে চীনের বাজারে যথাযথ পর্যবেক্ষণের মাধ্যমে তাদের শুল্কমুক্ত বাজার সুবিধাকে কার্যকরভাবে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। 

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান খবরের কাগজকে বলেন, চীন-বাংলাদেশ বাণিজ্যঘাটতি কমাতে হলে চীনে রপ্তানি বাড়াতে হবে। এজন্য বাংলাদেশের রপ্তানিমুখী পণ্যে বৈচিত্র্য আনতে হবে। চীনের বাজারে পণ্যের চাহিদা বাড়াতে হলে পণ্যের গুণগত মান, পণ্য বৈচিত্র্যকরণে মনোযোগ বাড়াতে হবে। বিশ্ববাণিজ্যে শীর্ষ এই দেশটির সঙ্গে বাণিজ্যঘাটতি কমানো যথেষ্ট কঠিন। 

বাংলাদেশ-চীন বাণিজ্যঘাটতি বেড়েই চলেছে। এ ঘাটতি দূরীকরণে স্থানীয় পণ্যের উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে। 

আন্তর্জাতিক মানের পণ্য রপ্তানি করতে হবে অর্থাৎ পণ্যের মাননিয়ন্ত্রণ, পণ্যের বৈচিত্র্যকরণ এবং বিপণন নেটওয়ার্ক বাড়াতে হবে। যাতে আমদানিনির্ভরতা কমিয়ে আনা যায়। এ ছাড়া শিল্প খাতে যেসব কাঠামোগত দুর্বলতা রয়েছে সেগুলো কাটিয়ে উঠতে পদক্ষেপ গ্রহণ করতে হবে। রপ্তানিমুখী শিল্পকে গতিশীল করতে গবেষণা বাড়াতে হবে। আমরা আশা করছি, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর বাংলাদেশ-চীন বাণিজ্যঘাটতি এবং অর্থনৈতিকসংকট দূরীকরণে এক নতুন দিগন্তের সূচনা করবে।