তাহমিনা ডেনিম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইয়াসির আহমেদ খানসহ ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সোমবার (৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন- তাহমিনা ডেনিম লিমিটেডের চেয়ারম্যান কামকল জামান মোল্লা, পরিচালক কাজী রিজোয়ান মোমিনুল হক, উপ-মহাব্যবস্থাপক সিগার আহমেদ, সাবেক এমডি কাজী ফখরুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ফজলুস সোবহান, চিফ সার্ভেয়ার জসিমউদদীন চৌধুরী, বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু, বেসিক ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক শাহ আলম ভূইয়া, বেসিক ব্যাংকের সাবেক পরিচালক জাহাঙ্গীর আখন্দ সেলিম, বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক ফখরুল ইসলাম, বেসিক ব্যাংকের সাবেক পরিচালক সুবাশিষ বোশ, বেসিক ব্যাংকের সাবেক পরিচালক নিলুফার আহমেদ, বেসিক ব্যাংকের সাবেক পরিচালক ড. কাজী আক্তার হোসাইন, বেসিক ব্যাংকের সাবেক পরিচালক মো.আনোয়ারুল ইসলাম ও বেসিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক একেএম সাজেদুর রহমান।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অধিকতর তদন্ত চলমান থাকায় তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক বিষাণ ঘোষ।
আবেদনে বলা হয়, অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে, ক্ষমতার অপব্যবহার পূর্বক অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে অন্যায়ভাবে নিজেরা লাভবান হয়ে আসামিরা বেসিক ব্যাংক লিমিটেডের ৮ কোটি ৪০ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করে। তাদের বিরুদ্ধে এ ঘটনায় মামলা করা হয়। তদন্ত শেষে ২০২৩ সালের ১২ জুন তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। বর্তমানে মামলার অধিকতর তদন্ত চলছে।
আবেদনে আরও বলা হয়, তদন্তকালে গোপন সূত্রে জানা যায়, এজাহারভুক্ত ও তদন্তে আসা আসামিরা দেশত্যাগ করার চেষ্টায় লিপ্ত আছেন। তারা বিদেশে পালিয়ে গেলে তদন্তে বিঘ্ন ঘটবে। এজন্য তাদের দেশত্যাগ রহিত করা প্রয়োজন।
উজ্জ্বল/এসজি/